
মোঃ গোলাম আরিফঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পাবনা সদর উপজেলায় শানির দিয়াড় গ্রামে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থাপিত পলিসেড হাউস পরিদর্শন ও স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) কৃষিবিদ ড. মোঃ জামাল উদ্দীন ।
তিনি পলিসেড উৎপাদিত বিভিন্ন রকম উচ্চমূল্যের সবজি, ফল, ফুল ও মসলা ফসলের চারা ঘুরে দেখেন ও সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি স্থানীয় কৃষকদের উদ্দেশ্যে বলেন, পলিসেডে চারা উৎপাদন একটি আধুনিক বিজ্ঞানসম্মত ও নিরাপদ পদ্ধতি। যেখানে বিশেষ পলিথিন, বাঁশ ও কাঠের কাঠামো ব্যবহার করে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে সারা বছর উচ্চমানের চারা তৈরি করা যায়। এখানে মাটির পরিবর্তে ট্রে-তে কোকোপিট, ভার্মিকম্পোস্ট ও অন্যান্য উপাদানের মিশ্রণ ব্যবহার করা হয়। যা চারাকে দ্রুত ও সবল করে এবং খরা, অতিবৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ থেকে চারাকে রক্ষা করে। তিনি আরো বলেন, পলিসেড অতিরিক্ত রোদবৃষ্টি এবং ঠান্ডা থেকে চারাকে রক্ষা করে। পলি ও জাল থাকার কারণে ক্ষতিকর পোকা ও রোগবালাই কম হয় ফলে কীটনাশক প্রায় লাগে না।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম; পাবনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাকিরুল ইসলাম; কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শৈলেন কুমার পাল; উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মিরাজ উদ্দিন ও মোঃ হুমায়ুন কবির খানসহ স্থানীয় কৃষকবৃন্দ।
মতবিনিময়কালে কৃষকরা জানান শানির দিয়াড় পাবনা সদর উপজেলার একটি চর এলাকা। এ এলাকার মাটিতে বালির পরিমাণ ও তাপমাত্রা বেশি। এখানে চারা উৎপাদন অনেক কষ্টের। চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থাপিত পলিসেড হাউস মাত্র ৫ শতাংশের হলেও আমাদের আশার আলো দেখিয়েছে। ট্রে-তে বা সরাসরি পলিব্যাগে চারা উৎপাদন করা হয় যা স্থানান্তরের সময় শিকড়ের ক্ষতি কমায়। এখান থেকে উৎপাদিত চারা সুস্থ হওয়ায় জমিতে রোপণের পর ভালো ফলন পাওয়া যায়।