আসছে ‘বিএলএস অ্যাওয়ার্ড ও লাইভস্টক মেলা ২০২৬’: বার্ষিক সভায় ঘোষণা

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশ লাইভস্টক সোসাইটির (বিএলএস) ১০ম বার্ষিক সাধারণ সভা আজ সোমবার রাজশাহীর সীমান্তে অবকাশ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ডা. মোহা. সবুর আলী।

সংগঠনের সভাপতি রোটারিয়ান প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মো. এনামুল হক, সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আখতারুল ইসলাম এবং রাজশাহীর রাজাবাড়িহাট ডেইরি ও ক্যাটল ডেভেলপমেন্ট ফার্মের উপপরিচালক (ডিডি) কৃষিবিদ ডা. মো. ইসমাইল হক।

সভায় মূল কার্যক্রম ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক। উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কলেজের অধ্যাপক ডা. মো. আজিজুর রহমান দীপু, ব্র্যাক পাবনার আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. রিয়াজুল ইসলাম, ডা. মো. এম এ মান্নান, ডা. মো. শিহাব শাদাত, নাচোলের মো হাফিজুর রহমান, মো. জাকির হোসেন এবং নাটোরের মোজিবুর রহমান এবং মিসেস সেলিনা বেগম, প্রমুখ। সভায় সংগঠনের শতাধিক আজীবন সদস্য, কার্যনির্বাহী কমিটির সদস্য ও খামারিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড সরদার বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও মধ্যপ্রাচ্যে রপ্তানি নিষেধাজ্ঞা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। টিকে থাকতে হলে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদনের কোনো বিকল্প নেই। তিনি সমবায়ভিত্তিক আধুনিক খামার ব্যবস্থাপনা ও পণ্যের গুণগত মান নিশ্চিত করার ওপর জোর দেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহা সবুর আলী প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা তুলে ধরে বলেন, এ খাতকে এগিয়ে নিতে সংগঠিত উদ্যোগ জরুরি। বাংলাদেশ লাইভস্টক সোসাইটির ভূমিকা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

সভায় ২২ মার্চ ২০২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মেয়াদের কার্যক্রম উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বিশ্ব ভেটেরিনারি দিবস ও বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ও ভ্যাকসিনেশন ক্যাম্প, বিএলএস দিবসের কর্মসূচি এবং গত বছর জুলাইয়ে আয়োজিত কার্বন ক্রেডিট বিষয়ক যুগান্তকারী কর্মশালা।

সভায় আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখে "৬ষ্ঠ বিএলএস অ্যাওয়ার্ড, সেমিনার ও লাইভস্টক-পোল্ট্রি মেলা ২০২৬" আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি, সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ ও বিদেশি অনুদান গ্রহণের লক্ষ্যকে সামনে রেখে এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন করা হয়। এ লক্ষ্যে একটি সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের সিদ্ধান্তও গৃহীত হয়। সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।