
এগ্রিলাইফ২৪ ডটকম: টাঙ্গাইলের মধুপুরে 'পোল্ট্রি খামারে বায়ো-সিকিউরিটি বা জৈব নিরাপত্তা বিষয়ক' সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার মুকুল একাডেমী মাঠে ঐ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল মজিদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. শহিদুজ্জামান (নয়ন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুর রশিদ সরকার (বেঙ্গল ওভারসিজ), ডা. মো: নাসির উদ্দিন (আবেদিন এগ্রোভেট লি.), ডা. মাহাদী মাসুদ (পোল্ট্রি প্রাকটিশনার), ডা. মো. আব্দুর রহমান (সেঞ্চুরি এগ্রো লি.), ডা. মো. আসিফ উজ্জামান (আমান ফিড লি.), ডা. মোহাম্মদ শরীফ (এপি ফিড)। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডা. মো. রায়হানুজ্জামান সরকার (নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারি লি.)।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. শহিদুজ্জামান (নয়ন) 'খামার ব্যবস্থাপনা, খামার নিবন্ধন, সঠিক দূরত্বে খামার নির্মাণ, খামারের বর্জ্য ব্যবস্থাপনা' ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করেন।
সেমিনারে উপস্থিত বক্তাগণ 'খামারে বায়ো-সিকিউরিটি নিয়ন্ত্রণে জীবাণুনাশক স্প্রে ব্যবহার, গামবুট ব্যবহার, ইঁদুরসহ অন্যান্য পশু-পাখির আগমণ নিয়ন্ত্রণ, মৃত মুরগিকে যথাযথ ভাবে মাটিতে পুঁতে ফেলা' ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও রেজিস্ট্রার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে চিকিৎসা গ্রহণ, সঠিক সময়ে ভ্যাক্সিন প্রদান, অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার না করা ইত্যাদি বিষয়ে জোর দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে আব্দুল মজিদ 'ডিম ও মাংসের নায্য দাম নির্ধারণ, খামারের বৈদ্যুতিক মিটার সংযোগ বাণিজ্যিক থেকে কৃষি বা সেচে পরিবর্তনসহ খামার বান্ধব পলিসি' গ্রহণের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন।
মধুপুর ভেটেরিনারি সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত উক্ত সেমিনারে উপজেলার ব্রয়লার-লেয়ার খামারী, উদ্যোক্তা, ডিলার, মেডিসিন কোম্পানির প্রতিনিধি, কেমিস্টসহ শতাধিক ব্যক্তি উপস্থিতি ছিলেন। সেমিনার শেষে 'মধুপুর ভেট ডক্টরস্ চেম্বার' এর উদ্বোধন ও উপস্থিত ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।