জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে শেকৃবিতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

শেকৃবি প্রতিনিধি: জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়। সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ পরিস্থিতিতে করণীয় বিষয়ে বাস্তবধর্মী প্রদর্শনী ও উদ্ধার কার্যক্রম উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি তাঁর বক্তব্যে বলেন, তরুণরাই আমাদের শক্তি এবং আগামী দিনের ভবিষ্যৎ। এই তরুণদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে পারলে ইনশাআল্লাহ ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলা ও সঠিকভাবে ব্যবস্থাপনা করা সম্ভব হবে। তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে এবং সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ফায়জুর রহমান খান এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মহড়ার মাধ্যমে দুর্যোগের সময় কীভাবে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হয় এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায় সে বিষয়ে অংশগ্রহণকারীদের বাস্তব ধারণা প্রদান করা হয়।