এগ্রিলাইফ২৪ ডটকম: আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র গড়ে তোলা হলে মাছ অবতরণ, সংরক্ষণ, ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ব্যবস্থার আমূল উন্নয়ন ঘটবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, এর ফলে জেলেরা তাদের আহরিত মাছের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন এবং মৎস্য খাতের উৎপাদনোত্তর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।
আজ সন্ধ্যায় কক্সবাজারে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর অর্থায়নে এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) বাস্তবায়নাধীন আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ‘ইমপ্রুভমেন্ট অব ফিশ ল্যান্ডিং সেন্টার অব বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট করপোরেশন ইন কক্সবাজার ডিস্ট্রিক্ট’ শীর্ষক প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি, বাস্তবায়ন কার্যক্রম এবং কেন্দ্রটির আধুনিকায়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত অবহিত হন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রকল্পের নির্মাণকাজে যথাযথ গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন মৎস্য অবতরণ কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে মাছের অবতরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ প্রক্রিয়া আরও সহজ, কার্যকর ও মানসম্মত হবে। এতে জেলেদের পাশাপাশি মৎস্য ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনরাও উপকৃত হবেন।
এ সময় প্রকল্পের নির্মাণকাজ পরিচালনাকারী জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান জেডিসি-কোনোইকে জয়েন্ট ভেঞ্চারের (JDC–Konoike Joint Venture) ম্যানেজার Mr. Hazui ও Mr. Ikeda, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আবু বকর সরকার, বিএফডিসি কক্সবাজারের ম্যানেজার হাবিবুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর সোয়েব সালেহীনসহ জাইকা প্রকল্প ও বিএফডিসির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৩২ কোটি ৮৩ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে সরকারি অর্থায়ন (জিওবি) ৬০ কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকা এবং জাইকার অনুদান ১৭২ কোটি ৩১ লাখ ৩৮ হাজার টাকা। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে কক্সবাজার ফিশ ল্যান্ডিং সেন্টারে বার্ষিক মাছ অবতরণের সক্ষমতা ৭ হাজার মেট্রিক টন থেকে বেড়ে ১৪ হাজার মেট্রিক টনে উন্নীত হবে। একই সঙ্গে বছরে বরফ উৎপাদনের সক্ষমতা ৫ হাজার মেট্রিক টন থেকে বেড়ে ৭ হাজার ৫০০ মেট্রিক টনে পৌঁছাবে।
এ ছাড়া প্রতিদিন অতিরিক্ত ৪০টি মাছ ধরার নৌকার বার্থিং সুবিধা সৃষ্টি হবে। ফলে ট্রলার থেকে মাছ অবতরণের জন্য অপেক্ষার সময় প্রায় দুই ঘণ্টা কমে আসবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে কক্সবাজারের মৎস্য অবতরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ অবকাঠামোয় নতুন মাত্রা যুক্ত হবে। পাশাপাশি জেলেদের আর্থসামাজিক উন্নয়ন, মাছের গুণগত মান সংরক্ষণ এবং সামগ্রিক মৎস্য খাতের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আধুনিক এই মৎস্য অবতরণ কেন্দ্র।