সচিবালয়ের জন্য বিকল্প স্থান বিবেচনা করুন
ড. এমটি আই চৌধুরী: ঢাকার বায়ুদূষণ এখন জনস্বাস্থ্যের বড় সংকট। যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি, ইটভাটা, শিল্পকারখানার নির্গমন এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা বায়ুদূষণের অন্যতম উৎস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকার তুলনায় ঢাকার বায়ুতে সূ² বস্তুকণা (পিএম এর মাত্রা >২.৫) অনেক বেশি থাকে। এই দূষিত বাতাস প্রতিদিন শ্বাসের সঙ্গে গ্রহণ করছে শিশু, বৃদ্ধ, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষসহ সব শ্রেণির নাগরিক। আর এর প্রভাব পড়ছে শ্বাসতন্ত্র, হৃদযন্ত্র এবং সামগ্রিক জনস্বাস্থ্যের ওপর-যাতে ক্যান্সার, কিডনি ড্যামেজসহ নানান কঠিন রোগে আক্রান্ত হচ্ছে নাগরিকরা।
এ অবস্থায় সবুজায়নকে শুধু সৌন্দর্যবর্ধনের বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। গাছপালা ধুলিকণা আটকে রাখতে, ছায়া দিতে এবং স্থানীয় পরিবেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। একই সাথে আমাদের কার্বন ডাই অক্সাইডসহ নানান বিষাক্ত গ্যাসের উত্তাপ হতে রক্ষা করে পরিবেশকে শীতল রাখতে সহযোগিতা করে। ঢাকার ফুসফুস হল জিয়া উদ্যান, পুরাতন বাণিজ্য মেলার মাঠ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
মাননীয় প্রধানমন্ত্রী, একবার কল্পনা করুন, আজ থেকে বিশ বছর পরের ঢাকার কথা। আমাদের সন্তানেরা যখন এই শহরের রাস্তায় হাঁটবে, তখন তারা কি গাছের ছাঁয়া পাবে? তারা কি খোলা মাঠে খেলতে পারবে? তারা কি নির্মল বাতাসে শ্বাস নিতে পারবে? নাকি তাদের জন্য আমরা রেখে যাব শুধু কংক্রিটের দেয়াল, উত্তপ্ত রাস্তা, দূষিত বাতাস আর বসবাসের অযোগ্য একটি নগরী? আমরা চাই না, আগামী প্রজন্ম আমাদের প্রশ্ন করুক-” আপনারা যখন ঢাকা শহরকে সবুজ রাখার সুযোগ পেয়েছিলেন, তখন কেন আপনারা আরও কংক্রিটের শহর নির্মাণ করেছিলেন?”একটি সচিবালয় প্রশাসনিক প্রয়োজন মেটাবে, কিন্তু একটি সবুজ শহর মানুষের জীবন বাঁচাবে। একটি ভবন রাষ্ট্রের কাজ পরিচালনা করবে, কিন্তু একটি সুস্থ পরিবেশ একটি জাতির ভবিষ্যৎ নিশ্চিত করবে।
মাননীয় প্রধানমন্ত্রী, উন্নয়নের ইতিহাসে নতুন ভবন নির্মাণের অনেক উদাহরণ রয়েছে। কিন্তু প্রকৃতি রক্ষার সাহসী সিদ্ধান্তই একজন রাষ্ট্রনায়ককে ইতিহাসে আলাদা করে চিহ্নিত করতে পারে। আপনি এমন একটি সিদ্ধান্ত নিন, যার সুফল শুধু আজকের মানুষ নয়, আগামী কয়েক প্রজন্মও ভোগ করবে। শেরেবাংলা নগরের সবুজ পরিবেশ রক্ষা করুন। সচিবালয়ের জন্য বিকল্প স্থান বিবেচনা করুন। ঢাকাকে আর কংক্রিটের শহর বানাবেন না। আমরা আমাদের সন্তানদের এই শহরের যতটুকু সবুজ আর খোলা মাঠ আছে তা আর হারাতে চাই না। একটু নির্মল বাতাস, একটু শীতল পরিবেশ এবং বেঁচে থাকার মতো একটি ঢাকা চাই।
একটি শহরে যখন গাছপালা, জলাশয় ও উন্মুক্ত মাটির জায়গা কমে যায়, তখন কংক্রিট, ইট, পিচ ও অন্যান্য নির্মাণসামগ্রী দিনের বেলায় সূর্যের তাপ শোষণ করে এবং রাতেও সেই তাপ ধীরে ধীরে ছেড়ে দেয়। ফলে শহরের তাপমাত্রা আশপাশের তুলনায় বেড়ে যায়। নগর পরিকল্পনায় একে বলা হয় Urban Heat Island Effect বা নগর তাপদ্বীপ প্রভাব। এটি শুধু বৈজ্ঞানিক পরিভাষা নয়; ঢাকার মানুষ প্রতিদিন এর যন্ত্রণা অনুভব করছে। যে রাস্তায় একসময় গাছের ছায়ায় হাঁটা যেত, সেখানে এখন প্রচন্ড রোদে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকাও কষ্টকর। যে এলাকায় একসময় খোলা জায়গা ও গাছপালা ছিল, সেখানে বহুতল ভবন ও পাকা স্থাপনা গড়ে ওঠার সঙ্গে সঙ্গে গরমের অনুভূতিও বাড়ছে।
তাপমাত্রা বৃদ্ধির এই বাস্তবতা কেবল অস্বস্তি তৈরি করে না। এটি বয়স্ক মানুষ, শিশু, শ্রমজীবী মানুষ, রিকশাচালক, নির্মাণশ্রমিক এবং অসুস্থ ব্যক্তিদের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। অতিরিক্ত গরমে পানিশূন্যতা, হিট স্ট্রোক, হৃদ্রোগজনিত জটিলতা ও কর্মক্ষমতা হ্রাসের আশঙ্কা বাড়ে। শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বাড়ে, বিদ্যুতের চাহিদা বাড়ে, আর সেই বিদ্যুৎ উৎপাদনের পরিবেশগত চাপও শেষ পর্যন্ত সমাজকেই বহন করতে হয়। আমরা কি এমন একটি ঢাকা চাই, যেখানে গরম থেকে বাঁচতে প্রত্যেক মানুষকে ঘরের ভেতরে যন্ত্রের ওপর নির্ভর করতে হবে? যেখানে শিশুরা খোলা মাঠে খেলতে পারবে না, বৃদ্ধরা হাঁটতে পারবেন না, আর সাধারণ মানুষ একটু স্বস্তির বাতাসের জন্যও হাহাকার করবে?
বিশ্বের উন্নত শহরগুলো এখন বুঝতে পেরেছে, শুধু অবকাঠামো নির্মাণ করে আধুনিক নগর গড়ে তোলা যায় না। প্রকৃতিকে নগর পরিকল্পনার অংশ করতে হয়। সিঙ্গাপুর ভবনের ছাদ, দেয়াল, সড়ক ও উন্মুক্ত স্থানে সবুজায়নকে নগর পরিকল্পনার অংশ করেছে। তাদের লক্ষ্য শুধু ভবন নির্মাণ নয়, বরং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বাসযোগ্য শহর গড়ে তোলা। কোপেনহেগেন: ডেনমার্কের এই শহর হাঁটা, সাইকেল চালানো, সবুজ উন্মুক্ত স্থান এবং পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থাকে গুরুত্ব দিয়েছে। শহরের উন্নয়নকে মানুষের স্বাস্থ্য ও জীবনমানের সঙ্গে যুক্ত করেছে। দক্ষিণ কোরিয়ার সিউলে উঁচু সড়ক সরিয়ে পুরোনো জলধারা ও সবুজ পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে। তারা দেখিয়েছে, চাইলে একটি শহর উন্নয়নের নামে হারানো প্রকৃতিকেও ফিরিয়ে আনার চেষ্টা করতে পারে।
ব্রাজিলের কুরিতিবা শহর তাদেও নগর পরিকল্পনায় পার্ক, সবুজ অঞ্চল এবং বন্যা নিয়ন্ত্রণকে একসঙ্গে গুরুত্ব দিয়েছে। তাদের অভিজ্ঞতা দেখিয়েছে, সবুজ জায়গা পরিবেশগত সুরক্ষার পাশাপাশি নগরের দুর্যোগ মোকাবিলায়ও ভূমিকা রাখে। এই শহরগুলো আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় -আধুনিকতা মানেই প্রকৃতিকে পরাজিত করা নয়; প্রকৃতিকে সঙ্গে নিয়েই আধুনিক হতে হয়। ঢাকায় কেন আমরা সেই শিক্ষা গ্রহণ করতে পারব না? কেন আমাদের প্রতিটি নতুন স্থাপনার পরিকল্পনায় পরিবেশগত প্রভাব, তাপমাত্রা নিয়ন্ত্রণ, বৃষ্টির পানি ধারণ এবং সবুজের পরিমাণকে বাধ্যতামূলক বিবেচনায় রাখা হবে না?
বিশ্বের বিভিন্ন শহরে নগরায়ণের ফলে তাপমাত্রা বৃদ্ধির অভিজ্ঞতাও এখন উদ্বেগজনক। উদাহরণ হিসেবে টোকিও, দিল্লি, লন্ডন ও নিউইয়র্কের কথা বলা যায়। এসব শহরে নগর তাপদ্বীপ প্রভাব মোকাবিলায় গাছপালা, পার্ক, জলাধার, সবুজ ছাদ এবং নগর বন তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। বিজ্ঞান বলছে, গাছের ছায়া, বাষ্পমোচন এবং জলাশয়ের উপস্থিতি স্থানীয় পরিবেশকে শীতল রাখতে সাহায্য করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ঘন নির্মাণের এলাকায় এবং সবুজে আচ্ছাদিত এলাকার তাপমাত্রার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য তৈরি হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এই পার্থক্য কয়েক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। যে পার্থক্য সংসদ ভবন এলাকা থেকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে কেউ খুব সহজে বুঝতে পারে। যেখানে ঢাকার অন্যান্য অঞ্চল হতে তাপমাত্রা সবসময় ২-৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকে। আমাদের মনে রাখতে হবে, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ এমনিতেই তাপপ্রবাহ, অনিয়মিত বৃষ্টিপাত এবং নানা পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে ঢাকার সবুজ জায়গা কমিয়ে দেওয়া মানে নিজেদের বিপদ নিজেরাই বাড়িয়ে তোলা।
মাননীয় প্রধানমন্ত্রী, ঢাকার শিশুদের দিকে একবার তাকান। তাদের অনেকের শৈশব এখন বহুতল ভবনের কয়েকটি কক্ষ, যানজটপূর্ণ রাস্তা, মুঠোফোন, কম্পিউটার আর কৃত্রিম বিনোদনের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ছে। খেলার মাঠ নেই, গাছের ছায়ায় বসার জায়গা নেই, প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও ক্রমেই সংকুচিত হচ্ছে। যে শিশুরা একসময় মাঠে দৌঁড়াত, গাছে পাখি দেখত, বৃষ্টিতে ভিজত, মাটিতে খেলত নগরায়ণের চাপে তাদের অনেকেই প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে বেড়ে উঠছে।
একটি শিশুর মানসিক ও শারীরিক বিকাশে সবুজ পরিবেশের গুরুত্ব অপরিসীম। গাছপালা, খোলা মাঠ, পার্ক ও প্রাকৃৃতিক পরিবেশ শিশুদের শারীরিক সক্রিয়তা বাড়ায়, মানসিক চাপ কমাতে সাহায্য করে, কল্পনাশক্তি ও সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখে। প্রকৃতির সঙ্গে সময় কাটালে শিশুরা পরিবেশ সম্পর্কে জানতে শেখে, জীববৈচিত্র্যের প্রতি ভালোবাসা তৈরি হয় এবং সামাজিকভাবে অন্য শিশুদের সঙ্গে মেলামেশার সুযোগ পায়। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, সবুজ পরিবেশের সঙ্গে শিশুদের মনোযোগ, মানসিক সুস্থতা এবং শারীরিক সক্রিয়তার ইতিবাচক সম্পর্ক রয়েছে। বিশেষ করে শহরের শিশুদের জন্য গাছপালায় ঘেরা উন্মুক্ত জায়গা শুধু বিনোদনের স্থান নয়; এটি তাদের সুস্থভাবে বেড়ে ওঠার অন্যতম প্রয়োজনীয় পরিবেশ।
একটি শিশু যখন গাছের পাতা দেখে, পাখির ডাক শোনে, প্রজাপতির উড়ে যাওয়া দেখে কিংবা নিজের হাতে একটি চারা রোপণ করে, তখন সে বইয়ের বাইরেও জীবনের পাঠ শেখে। সে বুঝতে শেখে প্রকৃতি কী, পরিবেশ কেন রক্ষা করতে হয়, একটি গাছ কীভাবে বেঁচে থাকে এবং মানুষ ও প্রকৃতির সম্পর্ক কতটা গভীর। শিশুরা শুধু ভবিষ্যতের নাগরিক নয়; তারা আজকেরও নাগরিক। তাদের জন্য নিরাপদ খেলার জায়গা, নির্মল বাতাস, পর্যাপ্ত আলো-বাতাস এবং সবুজ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
মাননীয় প্রধানমন্ত্রী, শেরেবাংলা নগরের সবুজ পরিবেশ শুধু একটি এলাকার সম্পদ নয়; এটি ঢাকার সামগ্রিক পরিবেশগত ভারসাম্যের অংশ। এই এলাকার খোলা জায়গা, বৃক্ষরাজি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ নগরবাসীর জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণার মাঠ রক্ষার বিষয়টি শুধু বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সীমাবদ্ধ নয়। এই মাঠে কৃষি গবেষণা হবে, শিক্ষার্থীরা প্রকৃতির সঙ্গে পরিচিত হবে, নতুন প্রজন্ম কৃষি ও পরিবেশ সম্পর্কে জানবে। আমরা দেখেছি ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিশেষ করে বিভিন্ন ইংলিশ মিডিয়ামের শিশুরা যখন এই বিশ্ববিদ্যালয়ের সবুজ পরিবেশে ঘুরতে এসে গাছ, মাটি, ফসল, পাখি ও প্রকৃতির সঙ্গে পরিচিত হয়, তখন আনন্দে মেতে উঠে। তারা বুঝতে চায়, খাদ্য কোথা থেকে আসে, একটি গাছ কীভাবে বড় হয়, মাটি কেন জীবন্ত সম্পদ এবং প্রকৃতি রক্ষা করা কেন জরুরি। প্রাণ প্রকৃতির এই মেল বন্ধনে যখন তারা মিলিত হয়, তাদের উচ্ছাস আর আনন্দের সীমা যেন আকাশকে ছাড়িয়ে যায়। আমরা কি তাদের সেই সুযোগটুকুও দিতে পারব না?
মাননীয় প্রধানমন্ত্রী, একবার আপনার নিজের শৈশবের কথা ভাবুন। শৈশবের কোনো সবুজ স্মৃতি, গাছের ছায়া, খেলার মাঠ কিংবা প্রকৃতির সান্নিধ্য কি আপনার মনে পড়ে না? আজকের ঢাকার শিশুরা কি সেই স্মৃতিগুলো তৈরি করার সুযোগ পাচ্ছে? আপনার কন্যা জাইমা রহমান কি এখন ইচ্ছা করলেই গ্রামে গিয়ে ধানের সবুজ বা সোনালী শিষে বাতাসের দোল দেখতে পাবে? সময় আমাদের সবাইকে অনেক ব্যস্ত করে তুলেছে। আমি নিশ্চিত করে বলতে পারি হেমন্তের পড়ন্ত বিকেলের কোন একদিন যদি কেউ এই বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে বা ধানের জমির পাশ দিয়ে হেঁটে যায়, তাহলে তার মনে অজানা এক ভাল লাগা কাজ করবেই।
আমরা আমাদের সন্তানদের জন্য দামি শিক্ষাপ্রতিষ্ঠান, আধুনিক প্রযুক্তি, উন্নত আবাসন ও সুন্দর ভবিষ্যৎ চাই। কিন্তু তাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য যে নির্মল পরিবেশ প্রয়োজন, সেই পরিবেশটুকু যদি নিশ্চিত করতে না পারি, তাহলে আমাদের উন্নয়নের সাফল্য কতটা অর্থবহ হবে? একটি শিশুকে আমরা হয়তো একটি দামি খেলনা দিতে পারব, কিন্তু প্রকৃতির আনন্দ কিনে দিতে পারব না। শিশুদের কাছ থেকে সবুজ কেড়ে নিয়ে আমরা তাদের ভবিষ্যৎ সুন্দর করতে পারি না।
মাননীয় প্রধানমন্ত্রী, আমরা জানি আপনি কতটা প্রকৃতি ও প্রানী প্রেমিক। এ শহরের পাখীগুলোর অভিভাবকও কিন্তু আপনিই। আপনি তাদেরও প্রধানমন্ত্রী। তাই এই পাখিগুলোর বেঁচে থাকার জন্য সবুজ গাছপালার গুরত্বের কোন শেষ নেই। এই শহরের খুব কমই খোলা জায়গা বা মাঠ আছে যেখানে পাখিরা তাদের নি:শ্বাস ফেলতে পারে। পাখির জন্য খোলা মাঠ আর গাছই তাদের আশ্রয়, খাদ্যের উৎস এবং বেঁচে থাকার অবলম্বন। একটি শহরের সৌন্দর্য শুধু তার উঁচু ভবন আর আধুনিক স্থাপনায় নয়; শহরের আকাশে কত পাখি উড়ে বেড়ায়, ভোরে কত পাখির ডাক শোনা যায়, গাছের ডালে কত পাখি বাসা বাঁধে এসব দিয়েও শহরের প্রাণবাস্তবতা ও পরিবেশের সুস্থতা বোঝা যায়। গাছপালা ও জলাশয়সমৃদ্ধ এলাকায় পাখির বিশ্রাম, খাদ্য সংগ্রহ ও নিরাপদ চলাচলের সুযোগ বেশি থাকে। বিপরীতে, কংক্রিটের ভবন, কাচের দেয়াল ও যানবাহনের কোলাহল তাদের আবাসস্থলকে প্রতিকূল করে তোলে। এছাড়া গাছের ফল, ফুল, বীজ, পাতা ও গাছের আশপাশে থাকা পোকামাকড় পাখির গুরুত্বপূর্ণ খাদ্য। বর্তমান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং এর পাশের খোলা মাঠ হল পাখিদের আবাসস্থল। আর তাই শালিক, দোয়েল, বুলবুলি, টিয়া, কাঠঠোকরা, বাবুইসহ বিভিন্ন প্রজাতির পাখি এখনো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঠে বা গাছে দেখা যায়। যদি মাঠ বা গাছ কমে যায় তাহলে তাদের আবাসস্থল ও খাদ্য কমে যাবে। কে তাদের আশ্রয় ও খাবার দিবে? তাদের কান্না কে শুনবে মাননীয় প্রধানমন্ত্রী?
শিশুরা প্রকৃতির কাছ থেকে শেখে সহাবস্থান, জীববৈচিত্র্য, পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও জীবনের প্রতি মমতা। যে শিশু গাছের ডালে পাখির বাসা দেখে বড় হয়, সে গাছ কাটার আগে একবার হলেও ভাবতে শেখে। আমরা এমন একটি ঢাকা চাই, যেখানে শিশুরা শুধু আকাশছোঁয়া ভবন দেখবে না, আকাশের দিকে তাকিয়ে পাখির উড়াও দেখবে। শুধু কংক্রিটের দেয়াল চিনবে না, গাছের পাতাও চিনবে। শুধু বইয়ে প্রকৃতির ছবি দেখবে না, প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে প্রকৃতিকে অনুভব করবে।
তাই শেরেবাংলা নগরে সচিবালয় স্থাপনের পরিকল্পনা পুনর্বিবেচনা করুন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণার জমি সুরক্ষিত রাখুন। ঢাকার শিশুদের জন্য আরও পার্ক, মাঠ, বৃক্ষশোভিত সড়ক ও উন্মুক্ত সবুজ জায়গা সংরক্ষণ করুন।
লেখক: আজীবন সদস্য, পরিবেশ বাঁচাও আন্দোলন