সাবরিনা আফরোজ: গতকাল ১৪ নভেম্বর ২০২৬ শনিবার গাজীপুরের বীজ প্রত্যয়ন এজেন্সিতে আমন ধান বীজ ফসলের মান নিশ্চিতকরণে প্রি-পোস্ট কন্ট্রোল ও গ্রো-আউট টেস্ট বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির মহাপরিচালক মো. সাইফুল আজম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীজ প্রত্যয়ন এজেন্সির পরিচালক মো. রফিকুল ইসলাম।
সেমিনারে আমন ধানবীজের জাতের বিশুদ্ধতা, গুণগত মান ও বীজের নির্ভরযোগ্যতা নিশ্চিত করার ক্ষেত্রে প্রি-কন্ট্রোল, পোস্ট-কন্ট্রোল এবং গ্রো-আউট টেস্টের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এসব পরীক্ষার মাধ্যমে বীজের জাতগত বিশুদ্ধতা যাচাই, অনাকাঙ্ক্ষিত মিশ্রণ শনাক্তকরণ এবং কৃষকের কাছে মানসম্মত বীজ পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কৃষির টেকসই উন্নয়নে মানসম্মত বীজের বিকল্প নেই। তাই বীজ উৎপাদন, প্রত্যয়ন ও বিপণনের প্রতিটি পর্যায়ে যথাযথ মান নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক পরীক্ষণ পদ্ধতির কার্যকর প্রয়োগের ওপর গুরুত্ব দেন তাঁরা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ শামছুর রহমান খান, উপপরিচালক, এসসিএ, গাজীপুর। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মীর শরফ উদ্দিন আহমেদ, সিএসও, ব্রি,গাজীপুর ও ডঃ মোহাম্মদ আলী, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা,বিনা, ময়মনসিংহ।
সেমিনারে বীজ প্রত্যয়ন এজেন্সির সংশ্লিষ্ট কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।