মেহেদী হাসান:AMR সপ্তাহ ২০২৬ উপলক্ষে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তর, বরিশালের আয়োজনে এবং আঞ্চলিক প্রাণীরোগ অনুসন্ধান গবেষণাগার (এফডিআইএল), বরিশালের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ভয়াবহতা, এর প্রতিরোধে করণীয় এবং উন্নত খামার ব্যবস্থাপনার মাধ্যমে অ্যান্টিবায়োটিকমুক্ত ব্রয়লার উৎপাদনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে, বরিশালের কর্ণকাঠী গ্রামে বাস্তবায়িত মডেল পোল্ট্রি ভিলেজের মাধ্যমে অ্যান্টিবায়োটিকমুক্ত ব্রয়লার উৎপাদনের অভিজ্ঞতা ও সফল উদ্যোগ তুলে ধরা হয়।
আলোচনায় বক্তারা বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বর্তমানে জনস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য ও পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় খামারে জীবাণু নিরাপত্তা বা বায়োসিকিউরিটি ব্যবস্থা জোরদার করা, অ্যান্টিবায়োটিকের যথাযথ ও যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক প্রয়োগ থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি।
সভায় উপস্থিত সকল স্টেকহোল্ডার অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা উন্নত খামার ব্যবস্থাপনা, বায়োসিকিউরিটি নিশ্চিতকরণ এবং দায়িত্বশীল অ্যান্টিবায়োটিক ব্যবহারের মাধ্যমে নিরাপদ ও টেকসই প্রাণিসম্পদ উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে একমত পোষণ করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডা. মোস্তাফিজুর রহমান, পরিচালক (ভারপ্রাপ্ত), বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, বরিশাল ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বরিশাল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, বরিশালের সম্মানিত উপপরিচালক, প্রাক্তন প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, জেলা ট্রেনিং অফিসার, জেলা ভেটেরিনারি অফিসার, বরিশাল এবং জেলার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন কোম্পানির প্রতিনিধি ও খামারিবৃন্দ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. ইব্রাহীম খলিল, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার (ভারপ্রাপ্ত), এফডিআইএল, বরিশাল।