Wednesday, August 12, 2026

বাকৃবির ডিজিটাল সেবায় নতুন সংযোজন: উদ্বোধন হলো সফটওয়্যার ও অ্যাপ

11, Aug 2026 | এগ্রিবিজ এন্ড টেক

বাকৃবি প্রতিনিধিঃবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে দুইটি সফটওয়্যার ও একটি মোবাইল অ্যাপ চালু করেছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল। এর মাধ্যমে মাস্টার্স পর্যায়ের পরীক্ষার বিল ও সম্মানী অনলাইনে সম্পাদন, পিএইচডি ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন এবং আইওএস ব্যবহারকারীদের জন্য ডিজিটাল ই-ডায়েরি ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব ডিজিটাল সেবার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবাগুলোর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী।

নতুন চালু হওয়া তিনটি সেবার মধ্যে রয়েছে মাস্টার্স পর্যায়ের পরীক্ষার বিল ও সম্মানী অনলাইনে সম্পাদনের ব্যবস্থা, পিএইচডি ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করার সফটওয়্যার এবং আইওএস ব্যবহারকারীদের জন্য বাকৃবির ডিজিটাল ই-ডায়েরি অ্যাপ।

আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ ডিজিটাল সেবার আওতায় নিয়ে আসার ধারাবাহিকতায় তিনটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম যুক্ত হলো। স্নাতক পর্যায়ের বিল অনলাইনে করার পর এবার মাস্টার্স পর্যায়ের পরীক্ষার পারিতোষিক বিলও অনলাইন সেবার আওতায় আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইআরপি (ERP) সিস্টেমের মাধ্যমে শিক্ষকরা কাগজের পরিবর্তে অনলাইনে সহজেই এ বিল জমা দিতে পারবেন। এতে প্রশাসনিক কাজে গতিশীলতা আসবে এবং পেপারলেস ক্যাম্পাস গঠনে সহায়তা করবে।’

আইওএসভিত্তিক ই-ডায়েরি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ই-ডায়েরি অ্যাপটি দীর্ঘদিন ধরে অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যবহৃত হয়ে আসছিল। শিক্ষক-কর্মকর্তাদের একটি অংশের চাহিদার পরিপ্রেক্ষিতে এটিকে আইওএসভিত্তিক করা হয়েছে। “মাই-বাউ (MyBAU)” নামে নতুন অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস—দুই প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে। শিগগিরই এটি অ্যাপ স্টোরে আপলোড করা হবে।’

পিএইচডি ভর্তি কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটের মাধ্যমে পিএইচডিতে ভর্তিচ্ছুরা অনলাইনে আবেদন, ভর্তি ফরম পূরণ ও ভর্তি ফি জমাসহ পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এ জন্য প্রয়োজনীয় সফটওয়্যারটি চালু করা হয়েছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, নতুন এসব ডিজিটাল উদ্যোগের মাধ্যমে বাকৃবির একাডেমিক ও প্রশাসনিক সেবা আগের চেয়ে আরও দ্রুত, স্বচ্ছ ও গতিশীল হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ধীরে ধীরে অনলাইনভিত্তিক করার মাধ্যমে আমরা একটি আধুনিক ও পেপারলেস ক্যাম্পাসের দিকে এগিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, বাকৃবির কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, রেজিস্ট্রার ড হেলাল উদ্দীন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও আইসিটি সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft