Sunday, November 15, 2026
বাকৃবিতে ছাত্রশিবিরের নবীন বরণ, অংশ নিলেন আট শতাধিক শিক্ষার্থী
13, Nov 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাকৃবি শাখা। অনুষ্ঠানে আট শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেন। আজ শুক্রবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মঈনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় উচ্চশিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাছির মো. ত্বোহা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রশিবিরের সাবেক সদস্য ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উপহার হিসেবে ব্যাগ, জার্সি, বই, পানির বোতল ও কলম বক্স দেওয়া হয়। শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত জীবনের প্রস্তুতি নিয়ে দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্রথম আলোচনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ভালো ফলাফল অর্জন, পরীক্ষার খাতায় উত্তর উপস্থাপনের কৌশল, উচ্চশিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব নিয়ে পরামর্শ দেন। দ্বিতীয় আলোচনায় সংগঠনটির সাবেক সদস্য ও বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিরা করপোরেট খাতে সফলতা অর্জন, উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা এবং ব্যক্তিত্ব গঠনের বিষয়ে আলোচনা করেন। এ সময় তাঁরা সংগঠনটির অতীত ইতিহাসও তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ সিবগা বলেন, আমরা এমন একটি প্রজন্ম, যে প্রজন্ম ৩৬ দিনের আন্দোলনের মাধ্যমে এই উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। আমাদের এই জাতি আবারও প্রমাণ করেছে, আমরা ব্রিটিশদের সঙ্গে ১৯০ বছর লড়াই করেছি, কখনো মাথা নত করিনি। আমরা এখনো কারও কাছে মাথা নত করব না।’

তিনি বলেন, ‘১৬ বছর আমরা নতজানু পররাষ্ট্রনীতি দেখেছি। কিন্তু আমরা চুপ করে বসে থাকিনি। পলাশীর যুদ্ধ, বক্সারের যুদ্ধ, ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, তিতুমীরের বাঁশের কেল্লার লড়াই, বালাকোটের যুদ্ধ ও ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহসহ ইতিহাসের বিভিন্ন পর্যায়ে এ অঞ্চলের মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে। বাংলাদেশের মানুষ এখনো লড়াই করার মানসিকতা রাখে।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু একটি আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তন আনা যথেষ্ট নয়। দেশের প্রতিটি ক্ষেত্রে নিজেদের যোগ্যতা ও দক্ষতা দিয়ে কাজ করতে হবে। অন্যায় ও আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পাশাপাশি শিক্ষা, গবেষণা ও কর্মক্ষেত্রে নিজেদের প্রস্তুত করতে হবে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft