Thursday, September 10, 2026
বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল-অধ্যাপক ড দেলোয়ার
09, Sep 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

বাকৃবি প্রতিনিধিঃবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষকদের অধিকার, মর্যাদা ও পেশাগত স্বার্থ রক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ‘সাদা দল’ নামে একটি শিক্ষক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। একই সঙ্গে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়েদুল ইসলাম আহ্বায়ক এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত সংগঠনটির ঘোষণাপত্রে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক জটিলতার কারণে শিক্ষকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা ও অধিকার বাধাগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত সমস্যা সমাধান এবং শিক্ষক সমাজের মর্যাদা ও পারস্পরিক আস্থা ফিরিয়ে আনতে একটি কার্যকর ও দায়িত্বশীল সংগঠন প্রয়োজন।

কমিটির অন্য সদস্যরা হলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবু জোফার মো. মোসলেহ উদ্দিন, ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. মুহা. ইলিয়াছুর রহমান ভূঁইয়া এবং মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. কে এইচ এম নাজমুল হুসাইন নাজির।

ঘোষণাপত্রে ‘সাদা দল’-কে সম্পূর্ণ অরাজনৈতিক শিক্ষক সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে। সত্য, ন্যায়, সততা, সাম্য ও ইনসাফভিত্তিক একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ শিক্ষক সমাজ গড়ে তোলাকে সংগঠনটির অন্যতম আদর্শ হিসেবে তুলে ধরা হয়েছে।

এতে আরও বলা হয়, শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ, পেশাগত উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনে সহায়ক ভূমিকা পালন করবে সংগঠনটি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, চাঁদাবাজি, স্বজনপ্রীতি, এলাকাপ্রীতি ও বৈষম্য দূর করে প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করার কথাও ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে। শিক্ষকদের উচ্চশিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা, উদ্ভাবন এবং দেশি-বিদেশি সহযোগিতার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যও নির্ধারণ করেছে সংগঠনটি। পাশাপাশি শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, উদ্ভাবন ও সম্প্রসারণ কার্যক্রমে পেশাগত দায়িত্বশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ঘোষণাপত্র অনুযায়ী, নবগঠিত আহ্বায়ক কমিটি সংগঠনের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন, সদস্যপদ-সংক্রান্ত নীতিমালা নির্ধারণ এবং পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft