Saturday, November 21, 2026
বালাইনাশকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ৬৪০ কৃষককে সচেতন করল বাকৃবি
20, Nov 2026 | ফারমার্স এন্ড ফার্মিং

বাকৃবি প্রতিনিধি:ফসলের বালাই দমনে বালাইনাশকের অনিরাপদ ও অযাচিত ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব বিকল্প পদ্ধতি সম্পর্কে কৃষকদের সচেতন করতে ময়মনসিংহে ৩২টি প্রচার কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সম্প্রসারণ কেন্দ্র। সামাজিক ও আচরণগত পরিবর্তন যোগাযোগ কার্যক্রমের আওতায় পরিচালিত এসব কর্মসূচিতে অংশ নেন ৬৪০ জন কৃষক।

গত ১০ থেকে ১৭ নভেম্বর ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন কৃষিপ্রধান এলাকায় এসব সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে বয়রা, সুতিয়াখালী, ভাবখালী, চর ঈশ্বরদয়া ও চর নলিকৃষিয়াসহ আশপাশের অঞ্চল উল্লেখযোগ্য। প্রতিটি কার্যক্রমে ২০ জন করে কৃষক অংশ নেন।

সেন্টার ফর এগ্রিকালচার বায়োসায়েন্সেস ইন্টারন্যাশনাল (ক্যাবি) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সহযোগিতায় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্রের ব্যবস্থাপনায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়। পুরো কার্যক্রমের নেতৃত্ব দেন অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ। মাঠপর্যায়ে সচেতনতামূলক প্রচার পরিচালনায় কাজ করেন আটজন বিশেষজ্ঞ। এ উদ্যোগের বিভিন্ন কার্যক্রমে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ।

প্রচার কার্যক্রমে কৃষকদের বালাইনাশকের ক্ষতিকর প্রভাব, অনুমোদিত বালাইনাশক নির্বাচন, সঠিক মাত্রা ও প্রয়োগপদ্ধতি এবং মোড়কের নির্দেশনা অনুসরণের বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি অপ্রয়োজনে বালাইনাশক প্রয়োগ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। বালাইনাশক প্রয়োগের সময় মাস্ক, হাতমোজা, সুরক্ষাপোশাক, জুতা ও চোখের সুরক্ষাসামগ্রী ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। এ ছাড়া বালাইনাশক প্রয়োগের পর ফসল সংগ্রহের আগে নির্ধারিত অপেক্ষাকাল মেনে চলার পরামর্শ দেওয়া হয়, যাতে খাদ্যে বালাইনাশকের অবশিষ্টাংশের ঝুঁকি কমানো এবং ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যায়।

রাসায়নিক বালাইনাশকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব বালাই ব্যবস্থাপনা পদ্ধতির ব্যবহার নিয়েও কৃষকদের ধারণা দেওয়া হয়। বিশেষ করে ট্রাইকোগ্রামা, উপকারী পরজীবী ও শিকারি পোকা এবং অণুজীবভিত্তিক বালাইনাশক ব্যবহারের মাধ্যমে ক্ষতিকর পোকা দমনের কৌশল তুলে ধরা হয়। এসব পদ্ধতি প্রয়োগের মাধ্যমে রাসায়নিক বালাইনাশকের ওপর নির্ভরতা কমানোর উপায় নিয়েও আলোচনা করা হয়।

আয়োজকরা বলেন, এ উদ্যোগের ফলে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাঠপর্যায়ে নিরাপদ ও টেকসই বালাই ব্যবস্থাপনার চর্চা সম্প্রসারিত হবে। একই সঙ্গে কৃষকের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা গড়ে তুলতেও এ কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে।

অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, কৃষকদের আচরণগত পরিবর্তন ছাড়া নিরাপদ বালাইনাশক ব্যবহার নিশ্চিত করা সম্ভব নয়। এসব কার্যক্রমে শুধু তথ্য প্রদান নয়, বরং দৈনন্দিন চাষাবাদে নিরাপদ প্রয়োগপদ্ধতি অনুসরণ, ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীর ব্যবহার, ফসল সংগ্রহের আগে নির্ধারিত অপেক্ষাকাল মেনে চলা এবং রাসায়নিক বালাইনাশকের বিকল্প পদ্ধতি গ্রহণে কৃষকদের উৎসাহিত করা হয়েছে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft