Tuesday, September 15, 2026
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার'২৬-এ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ
14, Sep 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

এগ্রিলাইফ২৪ ডটকম:বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ অংশ নিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। রাজধানীর বিজয় সরনির নভোথিয়েটারে  'ইনোভেট টু মার্কেট' প্রতিপাদ্যে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

১২ সেপ্টেম্বর (শনিবার) বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

ইনোভেশন ফেয়ারে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্ভাবিত প্রযুক্তি ও গবেষণা কার্যক্রম নিয়ে একটি স্টল স্থাপন করা হয়। সিকৃবির স্টলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের গবেষকদের ১৪টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হয়। এতে কৃষিপণ্য, প্রাণীস্বাস্থ্য, মৎস্যসম্পদ ও কৃষি প্রযুক্তিসংশ্লিষ্ট বিভিন্ন উদ্ভাবন এবং বৈজ্ঞানিক পোস্টার প্রদর্শন করা হয়।

মেলায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণা কার্যক্রম  দর্শনার্থীদের মাঝে উপস্থাপন করেন । এ সময় তিনি বলেন, বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ সিকৃবি অংশগ্রহণ করতে পারায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। 'ইনোভেট টু মার্কেট' প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সিকৃবি সবসময় একাডেমিক গবেষণাকে বাস্তব প্রয়োগ ও বাণিজ্যিকীকরণের পথে এগিয়ে নিতে বদ্ধপরিকর।তিনি আরো বলেন, শক্তিশালী ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ, এপ্রেনটিসশিপ ও ইন্টার্নশিপ সুবিধা এবং স্টার্ট-আপ চালুকরণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করতে  হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফলাফল কৃষকের দোরগোড়ায় পৌঁছানোর মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব।

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ সিকৃবির ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার।

মেলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, গবেষক ও বিজ্ঞানী, শিক্ষার্থী ও দর্শনার্থীরা সিকৃবির স্টল পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

উল্লেখ্য, এবারের আয়োজনে এক হাজারের বেশি উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে। উদ্ভাবক, গবেষক, উদ্যোক্তা, শিল্পপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের মধ্যে সংযোগ তৈরির পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনকে শিল্প ও বাজারের সঙ্গে যুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আয়োজক সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম তুলে ধরার পাশাপাশি গবেষণালব্ধ প্রযুক্তির বাস্তব প্রয়োগ ও বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে সুযোগ তৈরি হয়েছে ।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft