এগ্রিলাইফ২৪.কম: নেতৃত্ব, দূরদর্শী কৌশল ও ব্যবসায়িক উৎকর্ষে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’-এ সম্মাননা পেয়েছেন ইউনিলিভার বাংলাদেশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) ও ফাইন্যান্স ডিরেক্টর জিনিয়া তানজিনা হক। তিনি ‘চিফ ফাইন্যান্স অফিসার (সিএফও)/ফাইন্যান্স ডিরেক্টর অব দ্য ইয়ার ২০২৬’ বিভাগে এ সম্মাননা অর্জন করেন। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এ পুরস্কার প্রদান করে।
আর্থিক ব্যবস্থাপনায় কৌশলগত নেতৃত্ব, সুদূরপ্রসারী পরিকল্পনা এবং প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে তাঁর অবদানকে স্বীকৃতি জানাতেই এ পুরস্কার দেওয়া হয়েছে। পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশে কার্যকর আর্থিক নেতৃত্বের মাধ্যমে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সাফল্য অর্জনে তাঁর ভূমিকা এ স্বীকৃতির মাধ্যমে বিশেষভাবে প্রতিফলিত হয়েছে।
এ অর্জন ইউনিলিভার বাংলাদেশের উদ্ভাবন, ব্যবসায়িক কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির প্রতি ধারাবাহিক অঙ্গীকারকেও তুলে ধরেছে। একইসঙ্গে ভোক্তাদের কল্যাণ, সামাজিক উন্নয়ন এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে।
জিনিয়া তানজিনা হকের এ সম্মাননা তাঁর পেশাগত জীবনের একটি উল্লেখযোগ্য অর্জন। পাশাপাশি এটি ইউনিলিভার বাংলাদেশের নেতৃত্বের বিকাশ, ব্যবসায়িক রূপান্তর এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রাখার ধারাবাহিক প্রচেষ্টাকে আরও সুদৃঢ় করবে বলে আশা করেন সকলে।