বিজনেস ডেস্ক:বাংলাদেশ এগ্রো-প্রসেসরস' এসোসিয়েশন (বাপা) -এর ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল শনিবার ( ৫ সেপ্টেম্বর) আজ গুলশান ক্লাবে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় বাপা'র কার্যনির্বাহী কমিটির সভাপতি এবং লালতীর সীড লিমিটেডের এমডি জনাব মাহবুব আনাম সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ও প্যারাগন এগ্রো লিমিটেডের এমডি জনাব মসিউর রহমান।
প্রায় ২০০ সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সাধারণ সভায় বাপা’র সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিশেষ বক্তব্য প্রদান করেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান জনাব আহসান খান চৌধুরী এবং সিজি ফুডস (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব তাবিথ এম আওয়াল।
সভায় বিগত বছরের কার্যবিবরণী ও অগ্রগতি উপস্থাপন করেন বাপা’র সাধারণ সম্পাদক জনাব ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান এবং সংগঠনের অডিট প্রতিবেদনসহ সার্বিক আর্থিক বিষয়াদি পেশ করেন কোষাধ্যক্ষ জনাব মিনহাজ আহমেদ।
উন্মুক্ত আলোচনা পর্বে কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। এ সময় কার্যনির্বাহী সদস্য জনাব কোহিনুর কামাল মোবাইল কোর্ট পরিচালনার নীতিগত প্রয়োজনীয়তার সাথে একমত পোষণ করে উল্লেখ করেন যে, প্রচলিত মোবাইল কোর্ট যেন কোনোভাবেই ব্যবসায়ীদের জন্য হয়রানীমূলক, ভীতিকর বা অপমানজনক না হয় এবং দীর্ঘদিনের সুনামধন্য কোনো ব্র্যান্ডের সুখ্যাতি বিনষ্টের কারণ না হয়ে দাঁড়ায়।
পরিশেষে, অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উন্মুক্ত আলোচনা এবং মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে বাপা'র এবারের ২৫তম বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘটে।