সাবরিনা আফরোজ: গতকাল শনিবার (২১ নভেম্বর) গাজীপুরের বীজ প্রত্যয়ন এজেন্সিতে বীজের গুণগত মান নিশ্চিতকরণ, বীজ উৎপাদন ও বিপণন ব্যবস্থাকে আরও কার্যকর এবং যুগোপযোগী করার লক্ষ্যে ‘বীজ আইন ও বীজ বিধি পর্যালোচনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খোরশেদ আলম, যুগ্মসচিব ও মহাপরিচালক(বীজ), কৃষি মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীজ প্রত্যয়ন এজেন্সির পরিচালক মো. রফিকুল ইসলাম।সেমিনারে বীজ আইন ও বীজ বিধির বিভিন্ন ধারা, বাস্তবায়নের বিদ্যমান চ্যালেঞ্জ, বীজ উৎপাদন ও বাজারজাতকরণে সংশ্লিষ্ট পক্ষের দায়িত্ব এবং বীজের মান নিয়ন্ত্রণ ও প্রত্যয়ন কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মানসম্মত বীজের বিকল্প নেই। এ ক্ষেত্রে বীজ আইন ও বীজ বিধির যথাযথ প্রয়োগ, নিয়মিত তদারকি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন। পাশাপাশি সময়ের চাহিদা বিবেচনায় বিদ্যমান আইন ও বিধিমালা পর্যালোচনা এবং প্রয়োজনীয় সংশোধনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোঃ মোফাজ্জল করিম,সাবেক পরিচালক, ডিএই,ঢাকা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মোঃ সাদিকুর রহমান, অতিরিক্ত পরিচালক, ডিএই,সিলেট অঞ্চল ও সৈয়দ তানভীর আহমেদ, উপপরিচালক, ডিএই, ঢাকা। স্বাগত বক্তব্য প্রদান করেন ডঃমোহাম্মদ আজিজল হক,উপপরিচালক(প্রশাসন), এসসিএ, গাজীপুর।
সেমিনারে সমগ্র বাংলাদেশের আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার, জেলা বীজ প্রত্যয়ন অফিসার ও বীজ প্রত্যয়ন এজেন্সির বিভিন্ন পর্যায়ের অফিসারগণ উপস্থিত ছিলেন। সেমিনারের পূর্বে বীজ প্রত্যয়ন এজেন্সিতে স্থাপির আমন ধানের প্রি-পোস্ট কন্ট্রোল গ্রো আউট টেস্টের কার্যক্রম পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যান্য কর্মকর্তাগণ।