এগ্রিলাইফ প্রতিনিধি:যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে ফুল দিয়ে বরণ, আলোচনা সভা ও মিষ্টি বিতরণ করা হয়।
সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ব্যবসা অনুষদের প্রভাষক আব্দুর রহিম। কুরআন তেলাওয়াত শেষে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন সকল শিক্ষককে ফুল দিয়ে বরণ করে নেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন। এতে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আকতারুল ইসলাম এবং ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহীদুর রহমান খাঁন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়; এটি জাতি গঠনের একটি মহান দায়িত্ব। একজন শিক্ষক শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতন করে তোলেন। একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও উন্নত সমাজ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য।
বক্তারা আরও বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর ও দ্রুত পরিবর্তনশীল বিশ্বে উচ্চশিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনে অধিকতর মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের পরিবর্তিত বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করে তুলতে শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও কার্যকর যোগাযোগ আরও জোরদার করা প্রয়োজন।
বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আকতারুল ইসলাম তাঁর বক্তব্যে মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষকদের পেশাগত দক্ষতা ও গবেষণার সক্ষমতা বৃদ্ধি পেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।
ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহীদুর রহমান খাঁন বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী দক্ষতা, সৃজনশীলতা, নেতৃত্ব ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন বলেন, “শিক্ষকরাই জাতির ভবিষ্যৎ নির্মাণের অন্যতম প্রধান কারিগর। একজন আদর্শ শিক্ষক তাঁর জ্ঞান, প্রজ্ঞা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে আলোকিত করেন।” তিনি শিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে একটি উৎকর্ষমুখী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মশহুদ উজ জামান, বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার জনাব রেজওয়ানুল কবির, সহযোগী অধ্যাপক ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এর সভাপতি ডক্টর মো. মাহাফুজুর রহমান, সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা সনেট কুমার সাহা,সহকারী অধ্যাপক ও আইন বিভাগের সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইমামুনুর রহমান, মকফর উদ্দিন সিকদার হলের প্রভোস্ট ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. আমিমুল এহসান, মনোয়ারা সিকদার হলের প্রভোস্ট ও আইন বিভাগের প্রভাষক শাকিলা সুলতানা স্মৃতি, সহকারী অধ্যাপক ও ইংরেজি বিভাগের সভাপতি মনিরুজ্জামান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও কো-অর্ডিনেটর রাজু সাহাজি এবং বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সকল শিক্ষক ও উপস্থিত অতিথিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
বিশ্ব শিক্ষক দিবসের এ আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।