ড. মোছা: আমেনা খাতুন:"গাছ লাগান, পরিবেশ বাঁচান" এই কথাটি আমরা সবাই জানি। কিন্তু সত্যিকারের প্রশ্ন হলো কোন গাছ লাগাবো, কীভাবে লাগাবো এবং কেন লাগাবো? এই সহজ প্রশ্নের উত্তর না জেনে গাছ লাগালে পরিবেশের উপকার হয় না, বরং ক্ষতিও হতে পারে। বাংলাদেশে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য কমপক্ষে ২৫% বনভূমি থাকা প্রয়োজন, অথচ বর্তমানে তার অর্ধেকও নেই। এই সংকট থেকে উত্তরণের জন্য সরকার ও সমাজের প্রতিটি মানুষকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। তাই 'সামাজিক বনায়ন' হতে পারে সহজ মাধ্যেম। যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ও সমাজ স্বীকৃত পদ্ধতি, যেখানে সরকার ও সাধারণ মানুষ একসাথে কাজ করে দেশের বনভূমি বাড়িয়ে পরিবেশ রক্ষা করতে পারে।
সামাজিক বনায়ন একটি বনায়ন পদ্ধতি যেখানে স্থানীয় গ্রামীণ সম্প্রদায় সরাসরি বৃক্ষরোপণ, লালনপালন, সংরক্ষণে অংশগ্রহণ এবং সেই গাছ থেকে ফসল/লাভ সমান ভাবে ভাগ করে নেয়ার সুযোগ পায়। এটি সামাজিক কার্যক্রম, পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্য সম্পদ তৈরি ও সংরক্ষণ করে। এই কাজে কৃষক ও গ্রামীণ মানুষ শুধু বনায়নের অংশীদার নয়, বরং এর মূল চালক হিসেবে কাজ করে।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ ও নদীভাঙনে হাজারো কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর অন্যতম কারণ বনহীনতা। বনায়ন কীভাবে আমাদের রক্ষা করে, তা এক কথায় বললে এমন: ঘন গাছপালার নিচে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কম থাকে, তাই তীব্র গরমে ফসল ও মানুষ উভয়ই রক্ষা পায়। গাছের শিকড় মাটি শক্ত করে ধরে রাখে, ফলে নদীর পাড়ে গাছ থাকলে ভাঙন অনেক কমে যায়। উপকূলে গাছের সারি ঝড়ের বেগ কমিয়ে ঘরবাড়ি ও ফসল বাঁচায়। গাছ কার্বন ডাই-অক্সাইড শুষে নিয়ে অক্সিজেন ছাড়ে, যা বৈশ্বিক উষ্ণায়ন কমাতে সাহায্য করে। শিকড় বৃষ্টির পানিকে মাটির গভীরে নামিয়ে দেয়, যা ভূগর্ভস্থ পানির স্তর বজায় রাখে। পাখি, পোকামাকড় ও নানা প্রাণীর আবাসস্থল তৈরি হয় এবং ফসলের পরাগায়নেও সহায়তা মেলে। সবশেষে, স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়।
২০০০ সালের আগে বাংলাদেশের বনায়ন পরিস্থিতি অনেক ভালো ছিল। সারাদেশে বৃক্ষ আচ্ছাদন ছিল প্রায় ১৭%। আমাদের গ্রামগুলিতে প্রচুর পরিমাণে নিম, অর্জুন, সেগুন, কাঁঠাল, আম ও জামের মতো দেশীয় গাছ ছিল। এই গাছগুলি শুধু কাঠই দিত না, বরং ফল, ঔষধি সামগ্রী, আসবারপত্র এবং পশুখাদ্যও প্রদান করত। জলবায়ু অপেক্ষাকৃত স্থিতিশীল ছিল এবং বন্যা, ঝড় ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ এখনকার মতো ভয়াবহ ছিল না। ১৯৮০ এর দশকে দ্রুত কাঠ পাওয়ার জন্য ইউক্যালিপটাস ও আকাশমণির মতো বিদেশি গাছ ব্যাপক হারে রোপণ করা হয়েছিল, যা পরবর্তীতে পরিবেশের জন্য বিধ্বংসী প্রমাণিত হয়েছে।
গত প্রায় ২৬ বছরে পরিস্থিতি অনেক খারাপ হয়েছে। বনায়ন ৯% এ নেমে এসেছে। প্রতি বছর গড়ে ০.৫-০.৮% হারে বনভূমি কমছে। বৃষ্টিপাত অনিয়মিত হয়ে গেছে, ফলে বোরো ও আমন ফসল উভয়ই ঝুঁকিতে পড়েছে। উপকূলীয় এলাকায় লবণায়ন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আঞ্চলিক তাপমাত্রা ১.৫ ০C ° বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বব্যাপী গড় বৃদ্ধির দ্বিগুণ।
সামাজিক বনায়ন ছয়টি মূল নীতির ওপর দাঁড়িয়ে আছে। প্রথমত, পরিকল্পনা ও বাস্তবায়ন হবে স্থানীয় সরকার, কৃষক সংগঠন ও নাগরিক সমাজের সমন্বয়ে। দ্বিতীয়ত, প্রকল্প থেকে স্থানীয় জনগণ সরাসরি আর্থিক সুবিধা পাবে। তৃতীয়ত, স্থানীয় আবহাওয়া ও মাটির উপযোগী দেশি প্রজাতি রোপণ করা হবে। চতুর্থত, দুর্বল, প্রান্তিক ও ভূমিহীন পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে। পঞ্চমত, ঐতিহ্যবাহী জ্ঞান ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হবে। সর্বশেষ, কৃষিকাজের সূচনাকারী নারীদের জন্য এই কর্মসূচিতে থাকবে বিশেষ অগ্রাধিকার।
সামাজিক বনায়ন তিনটি ধাপে এগোয়। প্রথম ধাপ পরিকল্পনা। একটি গ্রাম বনায়ন সমিতি/কমিটি গঠন করতে হবে যাতে ১৫-২০ জন স্থানীয় কৃষক ও অগ্রহী যে কোন পেশার মানুষ এবং কমপক্ষে ৫০% নারী থাকতে পারে। ভূমিহীন ও সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্তি করা যেতে পারে। গ্রামের পরিবেশগত সমস্যা চিহ্নিত করে মাটির গুণগতমান পরীক্ষা ও জলাবদ্ধতা হয়না এবং পর্যাপ্ত সূর্যের আলো পৌঁছায় এমন স্থানে, বৃক্ষ প্রজাতি উদ্ভিদের নির্ধারণ যা স্থানীয় জ্বালানি, ফল, ওষুধি ও আবারপত্রের চাহিদা পূরণ করে। এবং সবাই সমানভাবে লাভবান হবে তা নিশ্চিত করে। দ্বিতীয় ধাপ রোপণ। গ্রামের সকল শ্রেনীর মানুষ অংশগ্রহণমূলক ভাবে গাছ রোপণ করবে। সরকার চারা ও প্রাথমিক খরচের অর্থ যোগান এবং গ্রামের মানুষ তাদের শ্রম দেন। সরকারি খাস জমি, প্রান্তিক/পতিত ভূমি, জলাশয়ের পাড়, রাস্তার পার্শ্ব, স্কুল, কলেজ এবং গ্রাম বনায়ন সমিতি/কমিটির চারপাশ চারা রোপণ করে যেতে পারে। তৃতীয় ধাপ রক্ষণাবেক্ষণ ও ফসল সংগ্রহ। চারা রোপণ হতে শুরু করে নিয়মিত পানি দেয়া, আগাছা অপসারণ, এবং প্রাণী সুরক্ষা বেড়া স্থাপন, রোগ-পোকা দমন (জৈব পদ্ধতি অবলম্বন), অনুপযুক্ত বৃক্ষ অপসারণ ও প্রতিস্থাপন, বৃদ্ধির তথ্য ও রেকর্ড সংগ্রহ করতে হবে। প্রতিটি গাছের নম্বর প্লেট দিতে হবে। গ্রাম বনায়ন কমিটি দ্বারা নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় কিছু নিয়ম-কানুন প্রণয়ন। সবাই সমানভাবে ফসল/লাভ সমান ভাবে ভাগ করে লাভবান হবেন।
অঞ্চল ভেদে গাছ বাছাইয়েও ভিন্নতা জরুরি। নদীর পাড়ে নিম, অর্জুন, সেগুন, কড়ই, হিজল ও তমাল ভালো ফল দেয়। গাছের নিচে আম, জাম, কাঁঠাল, লিচু, লটকন ও আমলকির চাষ করা যায়। বাড়ির আশপাশে তুলসী, বহেরা, ঘৃতকুমারী, বাসক ও চিরতার মতো ঔষধি গাছ লাগানো যায়। রাস্তার পাশে নিম, কড়ই, কৃষ্ণচূড়া, শিমুল ও খেজুর উপযোগী। উত্তরাঞ্চলের রংপুর ও রাজশাহীতে করমচা, বাবলা ও ইপিল-ইপিলের মতো দ্রুত বর্ধনশীল এবং লবণ ও জলাবদ্ধতা-সহনশীল গাছ বেশি কার্যকর। চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের উপকূলে ম্যানগ্রোভ, বাবলা, নারকেল ও ঝাউ ঘূর্ণিঝড় থেকে রক্ষা করে, আর পাহাড়ি ঢালের ক্ষয় রোধে দরকার মিশ্র বনায়ন। সিলেটের হাওরাঞ্চলে হিজল, তমাল, তাল ও সুপারির মতো গাছ বজ্রপাত ও পানি-সহিষ্ণু এবং পানির স্রোত নিয়ন্ত্রণে সহায়ক।
আশির দশকে সামাজিক বনায়নের আওতায় ইউক্যালিপটাস ও আকাশমণির মতো দ্রুত বর্ধনশীল গাছ লাগানোর পরামর্শ ও উদ্যোগ নেওয়া হয়েছিল, যাকে এখন অনেক বিজ্ঞানী “চরম পরিবেশ বিধ্বংসী সিদ্ধান্ত” বলে চিহ্নিত করেছেন। এসব গাছের ক্ষতিকর দিকগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। একটি ইউক্যালিপটাস গাছ নাকি আশপাশের প্রায় ১০ ফুট এলাকা এবং ভূগর্ভের ৫০ ফুট গভীর পর্যন্ত পানি শোষণ করে, এবং দিন-রাত চব্বিশ ঘণ্টা পানি টেনে বাতাসে ছেড়ে দেয়। এর পাতায় থাকা এক ধরনের রাসায়নিক পদার্থের কারণে নিচে ছোট গাছ বাঁচতে পারে না এবং পোকামাকড়ও মারা যায়। মাটি শুষ্ক ও অনুর্বর হয়ে পড়ে, আর গাছ কেটে ফেললেও মাটির উর্বরতা ফিরে আসতে বছরের পর বছর লাগে। যেসব এলাকায় এই গাছ বেশি, সেখানে শ্বাসকষ্টজনিত রোগ বেশি দেখা যায় বলে আশঙ্কা রয়েছে। পাতা সহজে পচে না, তাই মাটির জৈব উপাদান বাড়ে না। সবচেয়ে বড় কথা, এই গাছগুলো আমাদের পাখি, পোকামাকড় ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর।
বর্তমান বিএনপি সরকার তাদের নির্বাচনী ইশতেহার ২০২৬-এ পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের (জাতীয় সবুজ মিশন), ১০ হাজার নার্সারি উদ্যোক্তা তৈরি, তিন লাখ “সবুজ কর্মসংস্থান” সৃষ্টি, কৃষি বনায়নে ফলদ ও ঔষধি গাছের অগ্রাধিকার, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও জলবায়ু সহিষ্ণুতা, বিদেশি ক্ষতিকর প্রজাতির বদলে দেশি গাছকে অগ্রাধিকার এবং “এক শিশু এক গাছ” কর্মসূচির প্রতিশ্রুতি দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের ১৩ জুন কক্সবাজারে “২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” উদ্বোধন করেছেন। ঘোষণা ও লক্ষ্য গুরুত্বপূর্ণ, কিন্তু এর সাফল্য নির্ভর করবে বাস্তবায়নের স্বচ্ছতা ও নিয়মিত তদারকির উপর।
সামাজিক বনায়নের সুবিধা শুধু পরিবেশে সীমাবদ্ধ নয়, এর অর্থনৈতিক দিকও রয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সহায়তায় গ্রামীণ পরিবারগুলো সমবায় সমিতি বা দল গঠন করে এই কার্যক্রমে অংশ নিতে পারে। কাঠ, জ্বালানি ও ফলমূল বিক্রি করে বাড়তি আয় সম্ভব। সরকারের “নার্সারি উদ্যোক্তা” কর্মসূচিতে যুক্ত হয়ে ভূমিহীন ও দরিদ্র পরিবার কর্মসংস্থানের সুযোগ পেতে পারে, এবং নারীরা নার্সারি ও পরিচর্যার কাজে যুক্ত হয়ে স্বাবলম্বী হতে পারেন। নারী সমবায়ীরা আম, জ্যাম ও চাটনি প্রক্রিয়াজাত করে বিক্রিতে ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত লাভের সুযোগ পেতে পারেন। এই পরিবর্তনের জন্য সরকারের কাছে প্রত্যাশা হলো, ইউক্যালিপটাস ও আকাশমণির চারা উৎপাদন সম্পূর্ণ নিষিদ্ধ করা, সামাজিক বনায়ন কর্মসূচির বাজেট দ্বিগুণ করা, প্রতিটি বনায়ন কমিটিকে আইনি স্বীকৃতি দিয়ে জমির ওপর তাদের অধিকার নিশ্চিত করা, পরিবেশ শিক্ষাকে স্কুলের পাঠ্যক্রমে বাধ্যতামূলক করা এবং সামাজিক বনায়ন কমিটির সদস্যদের কৃষি ভর্তুকি ও সরকারি সুবিধায় অগ্রাধিকার দেওয়া। গ্রামীণ সম্প্রদায়ের কাছেও প্রত্যাশা স্পষ্ট। শক্তিশালী বনায়ন কমিটি গড়ে নিয়মিত সভা করতে হবে, পাড়া-প্রতিবেশীকে ক্ষতিকর ও উপকারী গাছের গুণাগুণ সম্পর্কে জানাতে ও সচেতন করতে হবে, বনায়ন থেকে পাওয়া পণ্যের প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের দক্ষতা অর্জন করতে হবে, এই দায়িত্ব পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে হবে এবং ‘‘একটি গাছ কাটলে অন্তত তিনটি নতুন গাছ লাগাতে হবে”।
বাংলাদেশ একটি ছোট দেশ, কিন্তু এই দেশের মানুষ কখনো হার মানেনি। বন্যা, ঘূর্ণিঝড়, খরা, সবকিছুর সঙ্গে লড়াই করে আমরা টিকে আছি। কিন্তু জলবায়ু পরিবর্তনের এই যুগে শুধু লড়াই করলে চলবে না, প্রকৃতিকে সঙ্গে নিয়েই চলতে হবে। একটি গাছ শুধু একটি উদ্ভিদ নয়। এটি সন্তানের জন্য বিশুদ্ধ বায়ু, ফসলের জন্য বৃষ্টি, বাড়ির জন্য ছায়া এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবীর প্রতিশ্রুতি। একটি সমবায়ই পারে পুরো গ্রামকে বদলে দিতে। আসুন, একসঙ্গে সবুজ বাংলাদেশ, সুস্থ বাংলাদেশ গড়ি।