Thursday, September 24, 2026
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা
23, Sep 2026 | ফোকাস

মো. মেহেদী হাসান (বরিশাল): মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা আজ বুধবার ২৩ সেপ্টেম্বর বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক জনাব মোঃ মামুন খন্দকার। সভায় আগামী ০৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিন দেশের অভ্যন্তরীণ নদ-নদী ও সমুদ্র উপকূলে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকার বিষয়টি তুলে ধরা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নিষেধাজ্ঞা চলাকালীন মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে নদ-নদী ও গুরুত্বপূর্ণ মাছঘাটগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা ও আইনানুগ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

সভায় জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা গেলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে এবং জেলেদের সারা বছরের জীবিকা আরও সুদৃঢ় হবে। তাই ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে সরকার নির্ধারিত ২২ দিন মা ইলিশ আহরণ থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

তিনি আরও জানান, নিষেধাজ্ঞা চলাকালীন ক্ষতিগ্রস্ত জেলেদের জন্য সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে। সভায় মেহেন্দীগঞ্জ ও হিজলায় স্থায়ী কোস্টগার্ড ক্যাম্প স্থাপন, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ করে রাতে অভিযান জোরদার, বরফকল বন্ধ রাখা এবং নিষেধাজ্ঞার ২২ দিন মাছঘাট কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় সরকারি কাজে কেউ বাধা প্রদান করলে অথবা অভিযান পরিচালনায় কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

সভায় জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান বরিশালে ইলিশ সংরক্ষণে গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়ন, নদ-নদীতে অবৈধভাবে ইলিশ আহরণ বন্ধ, নিষিদ্ধ জালের ব্যবহার রোধ, জেলেদের সচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক প্রচার-প্রচারণা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অভিযানের সার্বিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার ও নৌ পুলিশ কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ দপ্তরের ট্রেনিং অফিসার সুশান্ত দাস, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রিন্স বাহাউদ্দিন তালুকদার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ হিরন বেপারী, বাংলাদেশ কোস্টগার্ড আরইএ-৪ সিসি বরিশালের মোঃ খালিদ হাসান, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সমীর কুমার বসাক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসেন, এসআরবি-৪ বরিশালের এএসপি মোঃ মোখলেসুর রহমান, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ ইকবাল কবির এবং জেলা সমবায় অফিসারের প্রতিনিধি পরিদর্শক কেশব চন্দ্র মাঝী।

এছাড়া সভায় মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির প্রতিনিধি, পরিবহন মালিক সমিতির প্রতিনিধি, ঘাট মালিক ও ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মা ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন এবং ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, মৎস্য বিভাগ, জেলে, ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft