Wednesday, November 18, 2026
ব্রিতে নবান্ন উৎসব ১৪৩৩ উদযাপন
16, Nov 2026 | ফোকাস

এগ্রিলাইফ২৪ ডটকম:নানা আয়োজনে আজ পহেলা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে গাজীপুরস্থ ব্রির প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে নবান্ন উৎসবের উদ্বোধন করা হয়। এরপর সেখানে উপস্থিত অতিথিবৃন্দ ব্রি ক্যাম্পাসের গবেষণা মাঠে ধান কর্তন উৎসবে অংশগ্রহণ করেন। ধান কর্তন শেষে একটি বর্ণাঢ্য নবান্ন উৎসব শোভাযাত্রা ব্রির সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

শোভাযাত্রা শেষে ব্রি মিলনায়তনে নবান্ন উৎসবের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া নবান্ন উৎসব উদ্যাপনের অংশ হিসেবে ব্রি মিলনায়তনের সামনে পিঠা উৎসবের আয়োজন করা হয় এবং ব্রির সকল বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মাঝে পিঠা ও পায়েস দিয়ে আপ্যায়ন করা হয়।

ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে নবান্ন উৎসব উদ্যাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্রির ধানভিত্তিক খামার ব্যবস্থাপনা বিভাগের চিফ সাইন্টিফিক অফিসার ও বিভাগীয় প্রধান এবং নবান্ন উৎসব ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন কমিটির আহবায়ক ড. মোহাম্মদ ইব্রাহিম, ফলিত গবেষণা বিভাগের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার এবং নবান্ন উৎসব উদ্যাপন কমিটির সদস্য সচিব ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল সহ ব্রিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের প্রতিনিধি। 

অনুষ্ঠানে ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম বলেন, নবান্ন আমাদের গ্রাম-বাংলার হাজার বছরের ঐতিহ্য। আমাদের পরবর্তী প্রজন্মের কাছে নবান্ন উৎসবের বার্তা পৌঁছে দিতে আমাদের আজকের এই আয়োজন। এছাড়া সীমিত সম্পদ দিয়ে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের জোগান দেয়া আমাদের আগামী দিনের অন্যতম চ্যালেঞ্জ। ব্রি এই চ্যালেঞ্জ মোকাবিলায় অঙ্গীকারবব্ধ। আজকের এই নবান্ন উৎসব পালনের মাধ্যমে ব্রির সকল বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক এই বার্তা দিতে চাই যে, আগামী দিনের ক্ষুধা নিবারণের চ্যালেঞ্জ তা মোকাবিলায় তাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম বলেন, প্রতিষ্ঠার পর থেকেই ব্রি উচ্চফলনশীল জাত ও উন্নত কৃষি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা বিধানে বৈপøবিক ভূমিকা পালন করে আসছে। একসময় দেশে দানাদার শস্যের উৎপাদন ছিল ১ কোটি ১০ লক্ষ মেট্রিক টন, কিন্তু এখন তা প্রায় ৫ কোটি মেট্রিক টন। তাই বাংলার ঘরে ঘরে নবান্ন এখন শুধু পহেলা অগ্রহায়ণেই নয়, তিন মৌসুমে প্রায় সারা বছরই লেগে আছে। আর এক্ষেত্রে ব্রির বিজ্ঞানীদের ভূমিকা অনস্বীকার্য। 

নবান্ন উৎসব ১৪৩৩ বঙ্গাব্দ উদ্যাপন কর্মসূচিতে ব্রির বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানগণ, বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, ব্রিতে ক্রিয়াশীল সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft