Wednesday, November 04, 2026
ব্যাপক আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে সিভাসু’তে ‘ওয়ার্ল্ড ওয়ান হেলথ ডে-২০২৬’ উদযাপন
03, Nov 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

সিভাসু প্রতিনিধি:ব্যাপক আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে আজ মঙ্গলবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) উদযাপন করা হয়েছে ‘ওয়ার্ল্ড ওয়ান হেলথ ডে-২০২৬’। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো ‘Act together for One Health’।  বিশ্ববিদ্যালয়ের ওয়ান হেলথ ইনস্টিটিউটের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।  

সকাল ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে কেক কাটা হয়। এরপর সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় অন্যান্য কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল-মূল প্রবন্ধ উপস্থাপন, প্যানেল আলোচনা, বৈজ্ঞানিক অধিবেশন, ওয়ান হেলথ ল্যাবরেটরি উদ্বোধন, নিউজলেটারের মোড়ক উন্মোচন, ওয়ান হেলথ চট্টগ্রাম চ্যাপ্টার ঘোষণা, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন এবং ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী।   

এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন ও মাইক্রোবায়োলজি অ্যান্ড ভেটেরিনারি পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস এবং বায়োটেড-এর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ সওগাতুল ইসলাম। সভাপতিত্ব করেন ওয়ান হেল্থ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো: আহসানুল হক। স্বাগত বক্তব্য রাখেন সিভাসু’র মেডিসিন ও সার্জারি বিভাগের প্রফেসর ড. মো: মিজানুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভাসু’র এমএস শিক্ষার্থী ডা. জিয়া উদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করেন সিভাসু অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. রাশেদ মাহমুদ। 

মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস।

ওয়ান হেলথ মুভমেন্টে সিভাসু পাইওনিয়ার হিসেবে কাজ করছে উল্লেখ করে অনুষ্ঠানে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী বলেন, ওয়ান হেলথ ধারণাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে পারলেই এই আন্দোলনের উদ্দেশ্য সফল হবে। মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য সুরক্ষায় তিনি সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। 

 ‘ওয়ার্ল্ড ওয়ান হেলথ ডে-২০২৬’ এর কর্মসূচিসমূহে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।   

ওয়ান হেলথ ইয়াং ভয়েস, বাংলাদেশ (ওএইচওয়াইভি,বি), প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি, এনডিএফ চট্টগ্রাম জোন, বায়োটেড, সিভাসু এমপিএইচ অ্যালামনাই, সিভাসু ইপি অ্যালামনাই, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ওয়ান হেলথ বাংলাদেশ-এর সহযোগিতায় ওয়ান হেলথ ইনস্টিটিউট এসব কর্মসূচির আয়োজন করে।  

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft