মো: আমিনুল ইসলাম:মাটির উর্বরতা রক্ষা, কৃষি উৎপাদন ব্যয় কমানো এবং ফসলের উৎপাদনশীলতা বাড়াতে কৃষকদের মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। এ লক্ষ্যে ‘মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহার করুন, অধিক ফসল ঘরে তুলুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কৃষকদের মাটি পরীক্ষা ও সার সুপারিশ কার্ড বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
রবি ২০২৬ মৌসুমে রাজশাহী মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার ‘তিস্তা’র মাধ্যমে গত ১৬ থেকে ১৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এর পূর্বে কর্মসূচির আওতায় ৫০ জন কৃষককে মাটি পরীক্ষা, সুষম সার ব্যবস্থাপনা ও মাটির স্বাস্থ্য সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পাশাপাশি কৃষকদের জমির মাটি পরীক্ষা করে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়েছে।
মাটি পরীক্ষার প্রকৃত খরচ বিঘাপ্রতি ৪৪০ টাকা হলেও কৃষকদের সুবিধার্থে মাত্র ২৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। ফলে স্বল্প খরচে কৃষকরা তাঁদের জমির মাটিতে বিদ্যমান পুষ্টি উপাদান সম্পর্কে জানতে পারছেন এবং ফসলের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সার ব্যবহারের পরামর্শ পাচ্ছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাটি পরীক্ষা না করে অনুমাননির্ভর সার প্রয়োগের ফলে কৃষকের উৎপাদন খরচ বেড়ে যায় এবং মাটির পুষ্টি উপাদানের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে, মাটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরিমিত ও সুষম সার প্রয়োগ করলে অপ্রয়োজনীয় সার ব্যবহার কমানো, উৎপাদন ব্যয় সাশ্রয়, মাটির স্বাস্থ্য সুরক্ষা এবং ফসলের ফলন ও গুণগত মান উন্নয়ন সম্ভব।
এছাড়াও কৃষিতে টেকসই উৎপাদন নিশ্চিত করতে মাটির স্বাস্থ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে কৃষকদের নিয়মিত মাটি পরীক্ষা এবং ফসলভিত্তিক সুষম সার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। কৃষকদের মধ্যে আধুনিক মাটি ব্যবস্থাপনা ও বিজ্ঞানভিত্তিক সার প্রয়োগের অভ্যাস গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা কৃষি অফিসার মো. সাকলাইন হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার মো. হাসান আতিকুর রহমান, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বিভাগীয় গবেষণাগার, রাজশাহীর বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাজিম উদ্দীন, মেহেদি হাসান, মিলন কুমার বর্মণসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।