Saturday, August 29, 2026

চেম্বারে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় ভেটেরিনারি সংগঠনগুলো

28, Aug 2026 | ফোকাস

এগ্রিলাইফ২৪ ডটকম:ময়মনসিংহে কর্মরত ভেটেরিনারি চিকিৎসক ডা. আশিকুর রহমান ও ডা. আব্দুল হান্নানের চেম্বারে চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ভেটেরিনারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠন। ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (BVA), এর আহ্বায়ক  ডা. সফিউল আহাদ সরদার এবং প্রাইভেট ভেটেরিনারি অ্যাসোসিয়েশন, ময়মনসিংহ (PVA-M), বাংলাদেশ স্মল এনিম্যাল ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (BASAVA) ও ময়মনসিংহ ভেটস্ ক্লাব (MVC)-এর প্রতিনিধিবৃন্দ আজ শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় নেতৃবৃন্দ হামলার শিকার চিকিৎসকদের সঙ্গে কথা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

নেতৃবৃন্দ বলেন, চিকিৎসকদের কর্মস্থলে চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা, ভয়ভীতি প্রদর্শন ও চেম্বার ভাঙচুর কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভেটেরিনারি চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

ঘটনার সঙ্গে জড়িত একজন আসামি গ্রেফতার হলেও মামলার আরও দুইজন আসামি এখনও পলাতক রয়েছেন। পলাতক আসামিদের গ্রেফতার না হওয়ায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা পলাতক দুই আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।

একই সঙ্গে ঘটনার সুষ্ঠূ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত সকল অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ময়মনসিংহে কর্মরত স্থানীয় ভেটেরিনারি চিকিৎসকদের সঙ্গে একটি রেস্টুরেন্টে মতবিনিময় ও আলোচনা সভায় অংশ নেন নেতৃবৃন্দ। এ সময় তারা ভেটেরিনারি চিকিৎসকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

নেতৃবৃন্দ ময়মনসিংহে কর্মরত সকল ভেটেরিনারি চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। ভেটেরিনারি চিকিৎসকদের ওপর যেকোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ বলে জানান ডা. সফিউল আহাদ সরদার ।
 

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft