Sunday, November 15, 2026
চিংড়ি রপ্তানিতে স্বচ্ছতা ও আন্তর্জাতিক সক্ষমতা বাড়াতে হ্যাচারি পর্যায়ে ডিজিটাল ট্রেসিবিলিটি চালুর উদ্যোগ
14, Nov 2026 | এগ্রিবিজ এন্ড টেক

এগ্রিলাইফ২৪ ডটকম: দেশের চিংড়ি খাতের উৎপাদনব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হ্যাচারি পর্যায়ে ডিজিটাল ট্রেসিবিলিটি (পণ্য শনাক্তকরণ ও অনুসরণযোগ্যতা) ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব)-এর যৌথ অর্থায়নে ‘চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল ট্রেসিবিলিটি প্রস্তুতি মূল্যায়ন: ঘাটতি, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক স্টাডির উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (১৪ নভেম্বর) কক্সবাজারের হোটেল গোল্ডেন হিলের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) যুগ্মসচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুর্শেদা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশরাফুল হক এবং ফিশ হ্যাচারি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ফোয়াব) সভাপতি মোল্লা সামসুর রহমান শাহীন। কর্মশালায় সভাপতিত্ব করেন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সেব) সভাপতি লুৎফুর রহমান কাজল এমপি।

কর্মশালায় স্টাডির মূল উদ্দেশ্য, কার্যপরিধি, গবেষণাপদ্ধতি ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরা হয়। স্টাডির আওতায় কক্সবাজার ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চিংড়ি হ্যাচারিগুলোর বর্তমান অবস্থা মূল্যায়ন করা হবে। পাশাপাশি হ্যাচারি পর্যায়ে ডিজিটাল ট্রেসিবিলিটি ব্যবস্থা চালুর জন্য বিদ্যমান অবকাঠামোগত ও প্রযুক্তিগত সক্ষমতা, সম্ভাব্য ঘাটতি এবং বাস্তবায়নসংক্রান্ত চ্যালেঞ্জ চিহ্নিত করা হবে।

এ গবেষণার মাধ্যমে চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল ট্রেসিবিলিটি ব্যবস্থা কার্যকরভাবে চালুর জন্য একটি বাস্তবসম্মত করণীয় রোডম্যাপ ও সুপারিশ প্রণয়ন করা হবে। এর ফলে হ্যাচারি থেকে শুরু করে পরবর্তী উৎপাদন ও সরবরাহব্যবস্থার বিভিন্ন পর্যায়ে তথ্য সংরক্ষণ, পণ্যের উৎস শনাক্তকরণ এবং গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর অগ্রগতি অর্জনের সুযোগ তৈরি হবে।

কর্মশালার উন্মুক্ত আলোচনায় মৎস্য অধিদপ্তর, বিএফআরআই, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, হ্যাচারি মালিক এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন অংশগ্রহণ করেন। এ সময় চিংড়ি হ্যাচারি খাতের বিদ্যমান বাস্তবতা, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা এবং ট্রেসিবিলিটি ব্যবস্থা বাস্তবায়নে সংশ্লিষ্ট পক্ষগুলোর করণীয় নিয়ে মতবিনিময় হয়।

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে চিংড়ি রপ্তানির ক্ষেত্রে পণ্যের গুণগত মান, নিরাপত্তা, উৎপাদনের উৎস এবং সরবরাহব্যবস্থার স্বচ্ছতা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই হ্যাচারি পর্যায় থেকেই ডিজিটাল ট্রেসিবিলিটির ভিত্তি গড়ে তোলা গেলে দেশের চিংড়ি খাতের সামগ্রিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও শক্তিশালী হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চিংড়ি পণ্যের গ্রহণযোগ্যতা ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) আয়োজিত এ স্টাডিতে অর্থায়ন করছে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও সেব।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft