Thursday, November 12, 2026
চট্টগ্রামে ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার নিশ্চিতের আহ্বান নাগরিক সংলাপ অনুষ্ঠিত
11, Nov 2026 | ফোকাস

রাইসুল ইসলাম:জ্বালানি খাতে স্বচ্ছতা, জবাবদিহি, ন্যায্য মূল্য নির্ধারণ এবং জনগণের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামে আয়োজিত এক নাগরিক সংলাপের বক্তারা। তাঁরা বলেন, জ্বালানি খাতে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য শুধু নীতিমালা প্রণয়ন যথেষ্ট নয়; বরং এর যথাযথ বাস্তবায়ন, কার্যকর তদারকি এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আজ বুধবার (১১ নভেম্বর) কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত 'ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার' শীর্ষক নাগরিক সংলাপে বক্তারা এসব কথা বলেন।

সংলাপে জ্বালানি সংকট, মূল্য নির্ধারণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বাজারে সিন্ডিকেটের প্রভাব, জ্বালানি খাতের অনিয়ম এবং এ খাতে জনগণের অংশগ্রহণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী ও চট্টগ্রাম ক্যাব যুব গ্রুপের সমন্বয়ক রাইসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. খালেদ মিজবাহউজ্জামান, সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড এম. সিরাজুল ইসলাম, সুপ্রীম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আরিফ খান, ক্যাব কেন্দ্রিয় প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, ক্যাব কেন্দ্রীয় কার্যালয়ের গবেষণা সমন্বয়ক শুভ কিবরিয়া। 

আলোচনায় অংশ নেন প্রবীন সাংবাদিক এম নাসিরুল হক, কলামিস্ট মুসা খান, ক্যাব চট্টগ্রাম মহানগরের সাধারন সম্পাদক অজয় মিত্র শংকু, নারীনেত্রী নাসিমা আলম, জান্নাতুল ফেরদৌস, ক্যাব নেতা সেলিম জাহাঙ্গীর, মোঃ জানে আলম, বৃহত্তর উন্নয়ন সংগ্রাম কমিটির প্রকৌশলী ইব্রাহিম, লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজের শিমুল বড়ুয়া, কবি সাইদুল আরেফিন, এডাবের সাবেক সভাপতি রেজিয়া বেগম, আবু হানিফ নোমান, এমদাদুল হক সৈকত, শাহীন চৌধুরী, আবুল কাসেম ও ধন্যবাদ জ্ঞাপন করেন ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের ক্যাব বিভিন্ন জেলা কমিটির প্রতিনিধি, যুব ক্যাব, শিক্ষক, নারীনেত্রীসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

আলোচনায় ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জ্বালানি খাতে কার্যকর সুশাসন প্রতিষ্টায় ক্যাব দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে আসছে। তিনি বলেন, ভবিষ্যতের জ্বালানি চাহিদা পূরণে নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই। বর্তমান সরকার জ্বালানীর ঘাটতি মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানী সম্প্রসারণে নানা উদ্যোগকে স্বাগত জানিয়ে এগুলো মাঠ পর্যায়ে কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্ত্বারোপ করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খালেদ মিজবাহউজ্জামান জ্বালানি খাতে সুবিচার প্রতিষ্ঠায় ক্যাবের ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, জনগণ যাতে তাদের ন্যায্য অধিকার ও সুবিচার পেতে পারে, সে ক্ষেত্রে ক্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি গৃহীত নীতিমালার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম. সিরাজুল ইসলাম ২০২৪ সালে জ্বালানি খাতে ক্যাবের বিভিন্ন কার্যক্রমের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি জ্বালানি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারের পক্ষ থেকে ন্যায্য মূল্য নির্ধারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আরিফ খান জ্বালানি সুবিচার প্রতিষ্ঠায় আইন ও সংবিধানের ভূমিকা ব্যাখ্যা করেন। তিনি বাংলাদেশের সংবিধানের ১৩, ১৪, ১৬, ১৯ ও ১৪৩ অনুচ্ছেদ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সম্পদের মালিকানা, জ্বালানি খাতে জনগণের অধিকার এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গণশুনানির গুরুত্ব তুলে ধরেন। জ্বালানি খাতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় নাগরিকদের আইনগত ও সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

ক্যাব কেন্দ্রীয় কার্যালয়ের গবেষণা সমন্বয়ক শুভ কিবরিয়া জ্বালানি সংকটের বিভিন্ন কারণ ও প্রভাব তুলে ধরেন। বিশেষ করে জ্বালানি খাতে সিন্ডিকেটের প্রভাব এবং বাজারব্যবস্থায় এর নেতিবাচক প্রভাব নিয়ে তিনি আলোচনা করেন। জ্বালানি সংকট ও উচ্চমূল্যের কারণে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, অসাধু ব্যবসায়িক কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্যাবের অবস্থান কোনো সরকারবিরোধী আন্দোলন নয়; বরং এটি সাধারণ মানুষের অধিকার ও স্বার্থ রক্ষার উদ্যোগ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য ন্যায়সংগত জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে অযৌক্তিক মূল্য নির্ধারণ ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের নাজিফা তাজনূর জ্বালানির মূল্য নির্ধারণ ও এ খাতে ন্যায্যতা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় ক্যাবের উত্থাপিত ১২ দফা দাবিও আলোচনায় স্থান পায়।

অনুষ্ঠানে ক্যাব জ্বালানী প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মারুফা কলি সংলাপের সার্বিক আলোচনা ও গুরুত্বপূর্ণ সুপারিশসমূহের সারসংক্ষেপ উপস্থাপন করেন।

সমাপনী বক্তব্যে ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি ন্যায়সংগত, জবাবদিহিমূলক ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। 

সংলাপে বক্তারা আরও বলেন, জ্বালানি কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষার উপকরণ নয়; বরং এটি সাধারণ মানুষের জীবনযাত্রা, অর্থনৈতিক নিরাপত্তা এবং দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই জ্বালানির ন্যায্য মূল্য নিশ্চিত করা, বাজারের অনিয়ম ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।

সংলাপের মধ্য দিয়ে একটি জনবান্ধব, অংশগ্রহণমূলক ও ন্যায়ভিত্তিক জ্বালানি ব্যবস্থা প্রতিষ্ঠায় নাগরিক সমাজ, নীতিনির্ধারক এবং সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজনীয়তা উঠে আসে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft