Tuesday, October 27, 2026
চতুর্থ শিল্প বিপ্লব-প্রেক্ষিত পাহাড়ি কৃষি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
26, Oct 2026 | ফারমার্স এন্ড ফার্মিং

এগ্রিলাইফ২৪ ডটকম:পাহাড়ি কৃষিকে আরও উৎপাদনশীল, লাভজনক, পরিবেশবান্ধব ও টেকসই করার লক্ষ্যে রাঙ্গামাটিতে ‘চতুর্থ শিল্প বিপ্লব-প্রেক্ষিত পাহাড়ি কৃষি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ অক্টোবর কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কার্যালয়, রাঙ্গামাটির উদ্যোগে কসমস কনভেনশন হল, বনরূপায় আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মোঃ মসীহুর রহমান। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ এম. এম. শাহ্ নেওয়াজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন হর্টিকালচার সেন্টার, রাঙ্গামাটির উপপরিচালক কৃষিবিদ মোঃ মাহবুবুর রশীদ। আলোচক হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটির উপপরিচালক মোঃ মনিরুজ্জামান এবং জেলা বীজ প্রত্যয়ন অফিসার প্রসেনজিৎ মিস্ত্রী।

সভাপতির বক্তব্যে মোঃ মসীহুর রহমান বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, আইওটি ও ডিজিটাল প্রযুক্তির সমন্বিত ব্যবহারের মাধ্যমে পাহাড়ি কৃষির সীমাবদ্ধতা দূর করে নতুন সম্ভাবনা সৃষ্টি করা সম্ভব। এ জন্য কৃষকদের কাছে সময়োপযোগী ও বিজ্ঞানভিত্তিক কৃষিতথ্য পৌঁছে দিতে হবে।”

প্রধান অতিথি কৃষিবিদ এম. এম. শাহ্ নেওয়াজ বলেন, “পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় ভূপ্রকৃতি ও জলবায়ুকে কাজে লাগিয়ে ফল, মসলা ও অর্থকরী ফসলের উৎপাদন বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে। তবে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি পাহাড়ের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ নিশ্চিত করতে হবে।”

সেমিনারে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের জন্য ‘ওয়ান স্টপ কৃষিসেবা’ চালু, পরিবেশবান্ধব ভূমি ব্যবস্থাপনা এবং আকস্মিক বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর কৃষিসেবা, কৃষকদের প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম পাহাড়ি কৃষিকে আরও আধুনিক, স্মার্ট ও দুর্যোগসহনশীল করে তুলতে সহায়ক হবে।

সেমিনারে কৃষি বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষিবিদ, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft