Wednesday, November 18, 2026
দেশব্যাপী সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সিকৃবিতে র‍্যালি ও সমাবেশ
17, Nov 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

সিকৃবি প্রতিনিধি:দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) র‍্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত প্রতিবাদ র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ড. মো: মাছুদুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক ড. এম. রাশেদ হাসনাত, অধ্যাপক ড. মো. সামিউল আহসান তালুকদার,ড. এনামুল হক, মোঃ নজরুল ইসলাম, মো: ফয়েজ আহমেদ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, যানবাহনে অগ্নিসংযোগ, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের মতো সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার সবসময় শান্তি, প্রগতি ও আইনের শাসনের পক্ষে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সচেতন ও সতর্ক থাকতে হবে।

তারা বলেন, দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের পছন্দের সরকার নির্বাচিত করেছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার দেশের গণতন্ত্র, আইনের শাসন এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করছে।  রাষ্ট্রবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, একটি কুচক্রী মহল দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের আইনবিরোধী ও উন্নয়নবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।

সমাবেশে বক্তারা দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টাসহ সব ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক,  কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft