Friday, September 11, 2026
দেশের ক্রমবর্ধমান মাছের চাহিদা পূরণে উন্নতমানের মৎস্যবীজ উৎপাদনের বিকল্প নেই-সুলতান সালাউদ্দিন টুকু
11, Sep 2026 | ফোকাস

এগ্রিলাইফ২৪ ডটকম: দেশের ক্রমবর্ধমান মাছের চাহিদা পূরণে উন্নতমানের মৎস্যবীজ উৎপাদনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেছেন, নিরাপদ ও মানসম্পন্ন মৎস্যবীজ উৎপাদনের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি করে মৎস্যখাতকে আরও সমৃদ্ধ করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আজ টাঙ্গাইলের আটপুকুরপাড় এলাকায় অবস্থিত একটি সরকারি মৎস্যবীজ উৎপাদন খামার পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি খামারের বিভিন্ন অবকাঠামো ও উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন, খামার প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং সেখানে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী খামারের পুকুর, হ্যাচারি, পোনা উৎপাদন ও সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। তিনি মৎস্যবীজ উৎপাদনের বর্তমান অবস্থা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে মতবিনিময় করেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকারি মৎস্য খামারগুলোর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের মাধ্যমে দেশের মৎস্য উৎপাদনে নতুন গতি সঞ্চার হবে। উন্নতমানের মৎস্যবীজ উৎপাদন নিশ্চিত করা গেলে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি খামারিদের আয়ও বাড়বে।

খামারে স্থাপিত ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, সৌরশক্তিনির্ভর এই উদ্যোগ খামারের বিদ্যুৎ ব্যবস্থাপনাকে আরও টেকসই ও সাশ্রয়ী করবে। সরকারি খামারগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে একদিকে উৎপাদন ব্যয় কমবে, অন্যদিকে পরিবেশ সুরক্ষাও নিশ্চিত হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য সরকারি মৎস্য খামারেও এ ধরনের পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

পরে প্রতিমন্ত্রী খামার প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালক মো. আহসান হাসিব খান, ‘বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের পরিচালক মো. মশিউর রহমান, টাঙ্গাইলের জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর, মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft