বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও ইউ.এস. সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউএসএসইসি) যৌথ উদ্যোগে আয়োজিত: ‘বাংলাদেশ প্রোটিন কুকিং চ্যালেঞ্জ-২০২৬’
ঢাকায় ‘বাংলাদেশ প্রোটিন কুকিং চ্যালেঞ্জ-২০২৬’ সম্পন্ন: গ্র্যান্ড ফাইনালের টিকিট পেলেন সেরা ৮ প্রতিযোগী
ডেস্ক রিপোর্ট: দেশব্যাপী পুষ্টি সচেতনতা বৃদ্ধি ও প্রোটিনসমৃদ্ধ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ প্রোটিন কুকিং চ্যালেঞ্জ-২০২৬’-এর ঢাকা অঞ্চলের বাছাই পর্ব। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এবং ইউ.এস. সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউএসএসইসি)-এর যৌথ উদ্যোগে ২২ আগস্ট ২০২৬, শনিবার ঢাকার বিপিআইসিসি কার্যালয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হয়।
ঢাকা রাউন্ডে নিবন্ধিত শতাধিক প্রতিযোগীর মধ্যে ৬০ জন প্রতিযোগী সরাসরি অংশ নেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ টনি খান, রন্ধনবিশেষজ্ঞ রহিমা সুলতানা রিতা এবং পুষ্টিবিদ ইশরাত জাহানের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী সেরা ৮ জনকে চূড়ান্ত গ্র্যান্ড ফাইনালের জন্য নির্বাচিত করেন।
ঢাকা পর্বের সেরা ৮ বিজয়ীর তালিকা:
1. চ্যাম্পিয়ন: সুরিয়া পারভীন
2. ফাস্ট রানার-আপ: সাজিয়া ফেরদৌস
3. সেকেন্ড রানার-আপ: সালেহা শম্পা
4. ৪র্থ স্থান: ফারহানা আক্তার নিপা
5. ৫ম স্থান: আবু আবদুল্লাহ মোঃ সিয়াম
6. ৬ষ্ঠ স্থান: নাহিদ হাসান
7. ৭ম স্থান: রাজিয়া সুলতানা
8. ৮ম স্থান: খন্দকার ফারজানা ইয়াসমিন
ইতোমধ্যে সম্পন্ন হওয়া সিলেট ও খুলনা অঞ্চলের ১২ জন এবং ঢাকা পর্বের সেরা ৮ জনসহ মোট ২০ জন প্রতিযোগী ঢাকায় আয়োজিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত ‘গ্র্যান্ড ফাইনাল’-এ লড়বেন।
‘Nourish your plate with Protein’ প্রতিপাদ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় মুরগি, ডিম ও সয়াবিনের সমন্বয়ে সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি প্রস্তুত করা হয়। দৈনন্দিন খাদ্যতালিকায় সাশ্রয়ী প্রোটিনের উৎস নিশ্চিত করার লক্ষ্যে শীঘ্রই ঢাকায় জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।