Sunday, October 11, 2026
দুই বছরের নীরবতা ভেঙে বাকৃবিতে 'ত্রিভুজের' প্রত্যাবর্তন
10, Oct 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

বাকৃবি প্রতিনিধি:দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে 'ত্রিবেণী' শীর্ষক বিশেষ ফ্ল্যাশমব আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাংস্কৃতিক অঙ্গনে ফিরেছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন 'ত্রিভুজ'। আজ শনিবার (১০ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ১৬টি গানের সঙ্গে সমন্বিত নৃত্য পরিবেশনার মাধ্যমে নিজেদের প্রত্যাবর্তনকে বর্ণিল করে তোলেন সংগঠনটির সদস্যরা।

এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক ফাহিম বলেন, 'দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম প্রায় বন্ধ থাকায় ৬২, ৬৩ ও ৬৪ ব্যাচের অনেক শিক্ষার্থী এসব সংগঠনের অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পাননি। তাই আমরা যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, সবাই মিলে সংগঠনগুলোর হারানো প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি।'

সংগঠনটির কোষাধ্যক্ষ বুরহান সিয়াম বলেন, 'ত্রিভুজ একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন। দীর্ঘদিন প্রতিকূল পরিস্থিতির কারণে এর কার্যক্রম বন্ধ ছিল। গত ১ অক্টোবর নতুন কার্যনির্বাহী কমিটির মাধ্যমে সংগঠনটি পুনরায় আত্মপ্রকাশ করেছে। এরই ধারাবাহিকতায় আমাদের প্রথম আয়োজন 'ত্রিবেণী'। সুর, ছন্দ ও তালের সমন্বয়ে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।'

অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আব্দুল আলিম বলেন, 'সংগঠনটির কার্যক্রম ও অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে পরিচালনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। বিশেষ করে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম ভবিষ্যৎ নেতৃত্বের বিকাশ ও মানবিক গুণাবলি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।'

সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. জিয়াউল হক বলেন, '২০০৫ সালে ছাত্রদলের উদ্যোগে প্রতিষ্ঠিত এই সাংস্কৃতিক সংগঠনটি শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ে সুনামের সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দীর্ঘ বিরতির পর 'কামব্যাক' থিমকে সামনে রেখে আজকের আয়োজনের মধ্য দিয়ে আমরা নতুনভাবে পথচলা শুরু করেছি। আগামী ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে একটি বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।'

উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করেছিল সংগঠনটি। দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে 'ত্রিবেণী' আয়োজনের মধ্য দিয়ে আবারও বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় হলো 'ত্রিভুজ'।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft