সিকৃবি প্রতিনিধি:ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। জাতীয়তাবাদী পরিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ২২ নভেম্বর (রোববার) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার। এতে বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোজাম্মেল হক এর সঞ্চালনায় এবং সভাপতি প্রফেসর ড. মোঃ এমদাদুল হক এর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ শাহ জাহান মজুমদার, ইউট্যাব সিকৃবির সভাপতি প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম, প্রফেসর ড. এম. রাশেদ হাসনাত, প্রফেসর ড. সুলতান আহমেদ, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.) মোহাম্মদ নেয়ামত উল্যাহ, কর্মচারী পরিষদের প্রতিনিধি মোঃ আবু সাইদ ও ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ গোলাম রব্বানী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বলেন, ফ্যাসিজম গত ১৭ বছর ছিল, তারা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে এদেশে ফ্যাসিজম কায়েম করেছিল। সেই পলাতক ফ্যাসিস্টরা আবারো স্বপ্ন দেখছে দেশে অগ্নি সন্ত্রাস হত্যা ও গুম - খুনের মাধ্যমে ক্ষমতায় এসে এই দেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করার। কিন্তু এদেশের শান্তিপ্রিয় সাধারণ মানুষ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষ নেতৃত্বে সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রস্তুত রয়েছে।
এ সময় তিনি সিলেট কৃষিবিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের নিজ নিজ অবস্থান থেকে সচেষ্ট থাকতে আহবান জানান। তিনি বলেন, ফ্যাসিজম আর ফিরে আসবে না; যারা পালিয়ে গেছে, তারা আর ফিরতে পারবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচক্ষণতার সঙ্গে নিয়ন্ত্রণ করার জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে এসব অপশক্তির মোকাবিলা করবো।