এগ্রিলাইফ২৪ ডটকম: মাটির স্বাস্থ্য সুরক্ষা, উৎপাদন খরচ হ্রাস এবং ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে। ‘মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহার করুন, অধিক ফসল ঘরে তুলুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার “যমুনা” এর মাধ্যমে রবি ২০২৬ মৌসুমে কৃষকের মাটি পরীক্ষা করে সুষম মাত্রার সার সুপারিশ কার্ড প্রদানের কর্মসুচীর অংশ হিসেবে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় ১৬-১৮ নভেম্বর ২০২৬ এ কার্যক্রম পরিচালিত হয়েছে।
মাটি পরীক্ষার প্রকৃত খরচ ৪৪০ টাকা হলেও কৃষকদের সুবিধার্থে মাত্র ২৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে কৃষকরা স্বল্প খরচে তাঁদের জমির মাটির পুষ্টি উপাদান সম্পর্কে জানতে পারবেন এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ফসলের চাহিদা অনুযায়ী সঠিক মাত্রায় সার প্রয়োগ করতে পারবেন।
সংশ্লিষ্টরা জানান, মাটি পরীক্ষা ছাড়া অনুমাননির্ভর সার প্রয়োগের ফলে একদিকে যেমন উৎপাদন খরচ বাড়ে, অন্যদিকে মাটির পুষ্টির ভারসাম্য নষ্ট হয়। তাই মাটি পরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় সার সঠিক মাত্রায় প্রয়োগ করলে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি করা সম্ভব।কৃষকদের মধ্যে মাটি পরীক্ষার গুরুত্ব ও সুষম সার ব্যবহারের সচেতনতা বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য কাপাসিয়া উপজেলায় ৫০ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং ৫১ জন কৃষকের মাটি পরীক্ষাপূর্বক সার সুপারিশকার্ড বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ, উপজেলা কৃষি অফিসার, সৈয়দ শাকিল আহমেদ, অতিরিক্ত কৃষি অফিসার, কাপাসিয়া, মোঃ ইশতিয়াক আহমেদ, বৈজ্ঞানিক কর্মকর্তা, কেন্দ্রীয় গবেষণাগার,ঢাকা, মোঃ হাছিবুল হক, বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক গবেষণাগার,টাংগাইল, মোঃ মেহেদি হাসান, বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক গবেষণাগার,রাজশাহী সহ অন্যান্য কর্মকর্তাগণ।