এগ্রিলাইফ২৪ ডটকম:মাটির স্বাস্থ্য সুরক্ষা, কৃষকের উৎপাদন খরচ কমানো এবং ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মাত্র ২৫ টাকায় কৃষকদের মাটি পরীক্ষা করে সুষম সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়েছে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার ‘কীর্তনখোলা’-এর উদ্যোগে ২৩ থেকে ২৫ নভেম্বর এ কার্যক্রম পরিচালিত হয়।
‘মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহার করুন, উৎপাদন খরচ কমিয়ে অধিক ফসল ঘরে তুলুন’-প্রতিপাদ্যকে সামনে রেখে রবি ২০২৬ মৌসুমে কৃষকদের মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহারে উদ্বুদ্ধ করতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মাটি পরীক্ষার প্রকৃত ব্যয় ৪৪০ টাকা হলেও কৃষকদের আর্থিক সুবিধার কথা বিবেচনা করে মাত্র ২৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এর ফলে কৃষকরা স্বল্প খরচে তাঁদের জমির মাটির পুষ্টি উপাদান সম্পর্কে জানতে পারছেন এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ফসলের চাহিদা অনুযায়ী সঠিক মাত্রায় সার প্রয়োগের পরামর্শ পাচ্ছেন।
কীর্তনখোলার টিম লিডার কাজী আমিনুল ইসলাম জানান- মাটি পরীক্ষা ছাড়া অনুমাননির্ভর সার প্রয়োগের ফলে কৃষকের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় এবং মাটির পুষ্টির ভারসাম্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। মাটি পরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় সার সঠিক মাত্রায় প্রয়োগ করলে অপ্রয়োজনীয় সার ব্যবহার কমানোর পাশাপাশি উৎপাদন ব্যয় সাশ্রয়, মাটির উর্বরতা সংরক্ষণ এবং ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি করা সম্ভব। কৃষকদের মধ্যে মাটি পরীক্ষার গুরুত্ব ও সুষম সার ব্যবহারের সচেতনতা বৃদ্ধিতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এমএসটিএল কর্মসূচির আওতায় গলাচিপা উপজেলার ৫০ জন কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং তাঁদের জমির মাটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সুষম সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন কাজী আমিনুল ইসলাম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, এসআরডিআই আঞ্চলিক গবেষণাগার, পটুয়াখালী ও টিম লিডার; আশিক এলাহী, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, এসআরডিআই আঞ্চলিক কার্যালয়, পটুয়াখালী; আরজু আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা, গলাচিপা; মোঃ আকরামুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, গলাচিপা, মোঃ জাবের চৌধুরী, বৈজ্ঞানিক কর্মকর্তা এবং মোঃ কায়েস মাহমুদ, বৈজ্ঞানিক কর্মকর্তা, এসআরডিআই আঞ্চলিক গবেষণাগার, পটুয়াখালী।
কৃষকের উৎপাদন ব্যয় সাশ্রয়, মাটির স্বাস্থ্য সুরক্ষা ও টেকসই কৃষি উন্নয়নে মাটি পরীক্ষাভিত্তিক সুষম সার ব্যবহারের এ উদ্যোগ কৃষকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।