Saturday, October 10, 2026
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডিম দিবস-২০২৬ উদযাপিত
09, Oct 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

এগ্রিলাইফ২৪ ডটকম:‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডিম দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রাণিচিকিৎসা ও প্রাণিসম্পদ বিজ্ঞান অনুষদের আয়োজনে এবং প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল ও ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শাখার সহযোগিতায় একটি বিশেষ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ ইলিয়াস হোসেন। তিনি তাঁর প্রবন্ধে ডিমের পুষ্টিগুণ, মানবদেহের সুস্থতা বজায় রাখতে ডিমের ভূমিকা এবং দৈনন্দিন খাদ্যতালিকায় ডিমের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল প্রোডাকশন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান সাথী আক্তার।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানবদেহের প্রয়োজনীয় প্রোটিনসহ বিভিন্ন পুষ্টি উপাদানের চাহিদা পূরণে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুষম খাদ্য নিশ্চিত করা ও সুস্বাস্থ্য বজায় রাখতে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। তাঁরা পুষ্টির সহজলভ্য উৎস হিসেবে ডিমের ব্যবহার বৃদ্ধি এবং ডিম খাওয়ার উপকারিতা সম্পর্কে সর্বসাধারণের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্ব ডিম দিবসের ৩০ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft