এগ্রিলাইফ২৪ ডটকম:হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের পেশাগত আচরণ, দায়িত্ববোধ, নৈতিকতা ও কর্মক্ষেত্রের শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘কর্মচারীদের পেশাগত আচরণ, দায়িত্ববোধ, নৈতিকতা ও কর্মক্ষেত্রের শৃঙ্খলা উন্নয়ন’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মো. ইকবাল আলী। প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয়কের দায়িত্ব পালন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর সহকারী পরিচালক ড. মোহাম্মদ আমিনুল ইসলাম। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ছাত্রবিষয়ক উপদেষ্টা (ভারপ্রাপ্ত) ড. জাকারিয়া চৌধুরী অনিক এবং সহকারী প্রক্টর (ভারপ্রাপ্ত) তৌকির আহমেদ। প্রশিক্ষণে কর্মচারীদের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা, নৈতিক মূল্যবোধ, দাপ্তরিক শিষ্টাচার এবং কর্মক্ষেত্রে নিয়মশৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে কর্মচারীদের পেশাগত আচরণ ও দায়িত্ববোধ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত প্রশিক্ষণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এ ধরনের প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি একটি সুশৃঙ্খল, দায়িত্বশীল ও পেশাদার কর্মপরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।