এগ্রিলাইফ২৪ ডটকম:হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরিতে শিক্ষার্থীদের গবেষণা ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী “মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরিতে হ্যান্ডস অন ট্রেইনিং: ডিএনএ এক্সট্রাকশন, পিসিআর, জেল ডকুমেন্টেশন ও স্পেকট্রোফটোমেট্রিক বিশ্লেষণ” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরিতে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিএসসি এজি (অনার্স) লেভেল-৪, সেমিস্টার-১, সেশন ২০২১-২২-এর ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি-এর সহযোগী পরিচালক ড. মো. আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আধুনিক কৃষি ও জীববিজ্ঞানভিত্তিক গবেষণায় মলিকিউলার বায়োলজির গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণায় দক্ষ করে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে আধুনিক গবেষণাগারভিত্তিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের হাতে-কলমে প্রশিক্ষণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ গবেষণা ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী প্রশিক্ষণের প্রযুক্তিগত অধিবেশনে মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরির পরিচিতি, ল্যাবরেটরি নিরাপত্তা, ডিএনএ ও আরএনএ এক্সট্রাকশন, স্পেকট্রোফটোমেট্রি, উদ্ভিদ নমুনা থেকে হাতে-কলমে ডিএনএ এক্সট্রাকশন, ডিএনএ ও আরএনএ পরিমাণ নির্ধারণ, পিসিআর রিএজেন্ট প্রস্তুতি ও পিসিআর সেটআপ, জেল ডকুমেন্টেশন এবং তথ্য বিশ্লেষণ বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস মোহাম্মদ আলতাফ হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. জি. এইচ. এম. সাগর এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স বিভাগের পিএইচডি ফেলো ডা. সোহেল রানা। বিশ্ববিদ্যালয়ের মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরিতে প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)।
দিনব্যাপী প্রশিক্ষণ শেষে উন্মুক্ত আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ, সনদপত্র বিতরণ এবং সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘটে।