Tuesday, November 24, 2026
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের ২৯৩তম উপশাখার উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক
23, Nov 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

এগ্রিলাইফ২৪ ডটকম:হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনগণের জন্য আধুনিক, সহজলভ্য ও মানসম্মত ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি-এর ২৯৩তম উপশাখা ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় উপশাখা’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।

আজ সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন (টি আর প্যালেস)-এ অবস্থিত পূবালী ব্যাংকের উপশাখা ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন এবং পূবালী ব্যাংক পিএলসি-এর সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি-এর সিলেট পূর্বাঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান মো. ফজলুল কবীর চৌধুরী, হবিগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান সমবারু চন্দ্র মহন্ত এবং মৌলভীবাজার অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান প্রদ্যোৎ কান্তি দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি-এর হবিগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখাপ্রধান মোহাম্মদ ফসিহ উদ্দিন মাহতাব।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন, একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করতে শিক্ষা ও গবেষণার পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক ও প্রাতিষ্ঠানিক সেবার সহজপ্রাপ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূবালী ব্যাংকের এ উপশাখা চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম আরও সহজে সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকার জনগণও এ সেবার আওতায় আসবেন। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও পূবালী ব্যাংকের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরনের ব্যাংকিং সেবা চালুর উদ্যোগ গ্রহণ করায় পূবালী ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

শাখাটি চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় জনগণ একই স্থানে সহজে ও সুবিধাজনকভাবে বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজতর হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, পূবালী ব্যাংক পিএলসি-এর ২৯৩তম উপশাখা হিসেবে ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় উপশাখা’ চালুর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সেবার পরিধিতে নতুন মাত্রা যুক্ত হলো।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft