Saturday, November 28, 2026
ইলিশ সংরক্ষণে জেলেদের জীবিকা ও মর্যাদা সুরক্ষাকে গুরুত্ব দিতে হবে-মৎস্য ও প্রাণিসম্পদ এবং  কৃষিমন্ত্রী
27, Nov 2026 | ফোকাস

এগ্রিলাইফ২৪ ডটকম:মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ইলিশ বাংলাদেশের জাতীয় পরিচয়, ঐতিহ্য ও খাদ্যসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ মাছ দেশের অর্থনীতি এবং অসংখ্য মানুষের জীবিকা, খাদ্য ও পুষ্টিনিরাপত্তার গুরুত্বপূর্ণ উৎস। তাই ইলিশ সংরক্ষণের উদ্যোগে মাছের পাশাপাশি জেলেদের জীবিকা, মর্যাদা ও ভবিষ্যৎ সুরক্ষাকে সমান গুরুত্ব দিতে হবে।

আজ রাজধানীর বনানীর শেরাটন ঢাকা হোটেলে ‘রিজিওনাল ওয়ার্কশপ: সাসটেইনিং হিলসা ফিশারিজ ইন দ্য বে অব বেঙ্গল রিজিয়ন’ - শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ইলিশ খাতের বার্ষিক অর্থনৈতিক মূল্য প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার। এর সঙ্গে জড়িত রয়েছেন মৎস্যজীবী পরিবার, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, প্রক্রিয়াজাতকারীসহ মূল্যশৃঙ্খলের অসংখ্য মানুষ। তিনি বলেন, ইলিশের অভয়াশ্রম প্রতিষ্ঠা, প্রজনন মৌসুমে মাছ ধরায় নিষেধাজ্ঞা এবং জেলেদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সংরক্ষণ কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়া হয়েছে।
 
তিনি বলেন, ইলিশ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, সমন্বিত ও পরিবর্তিত পরিবেশের সঙ্গে অভিযোজন সক্ষম। ইলিশের মজুত, প্রজননক্ষেত্র, বিচরণক্ষেত্র, পরিবেশগত অবস্থা, পানির প্রবাহ ও জলবায়ুর প্রভাব সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য প্রয়োজন। 
 
মন্ত্রী বলেন, মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে তিনি বিজ্ঞানীদের গবেষণালব্ধ মতামত এবং বংশপরম্পরায় নদী ও সমুদ্রনির্ভর মৎস্যজীবীদের অভিজ্ঞতার মধ্যে কিছু পার্থক্য লক্ষ করা যাচ্ছে। গবেষণালব্ধ জ্ঞান ও মৎস্যজীবীদের বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে পারলে ইলিশ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।
 
জেলেদের জীবিকার প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাছ ধরায় নিষেধাজ্ঞা ইলিশের প্রজনন ও সংরক্ষণের জন্য অপরিহার্য হলেও এ সময়ে বহু মৎস্যজীবী পরিবারের আয় বন্ধ হয়ে যায়। তাই সময়মতো সামাজিক নিরাপত্তা সহায়তা, বিকল্প কর্মসংস্থান এবং সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নে গুরুত্ব দিচ্ছে।
 
মন্ত্রী আরও বলেন, অধিকাংশ ক্ষেত্রে মৎস্যজীবীরা নিজেরা সরাসরি মাছ বিক্রি করতে পারেন না। মধ্যস্বত্বভোগী ও দাদননির্ভর ব্যবস্থার কারণে জেলেরা যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি ক্রেতাদেরও বেশি মূল্য দিতে হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
 
কর্মশালায় উপস্হিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ খালেদ কনক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের  (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাসুমা হাবিব, বে অব বেঙ্গল প্রোগ্রাম-ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশনের পরিচালক ড.পি. কৃষ্ণান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ লতিফুল ইসলাম, মিয়ানমার ওয়ার্ল্ডফিশের সাবেক জাতীয় কর্মসূচি উপদেষ্টা ড. খিন মং সো, ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এ. টি. এম. ফারুক-উল-ইসলাম প্রমুখ।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft