শেকৃবি প্রতিনিধি: জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) সফর করেন। সফরকালে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, কৃষি, বায়োটেকনোলজি, স্বাস্থ্যসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা, মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক বিভিন্ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ প্রতিনিধি দলকে স্বাগত জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রাশেদুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোসাঃ নুর মহল আক্তার বানু, শেকৃবির সকল অনুষদের ডিন, সকল বিভাগের চেয়ারম্যানবৃন্দ এবং আবাসিক হলের প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।
জাপানি প্রতিনিধি দলে ছিলেন হিরোশিমা প্রিফেকচারাল ইউনিভার্সিটির অধ্যাপক ও ডিন অধ্যাপক শিনজিরো ওগিতা, পিএইচডি; মেইসেইবো কো., লিমিটেড ও ওকায়ামা ইউনিভার্সিটি অব সায়েন্সের প্রতিনিধি পরিচালক ও সম্মানসূচক অধ্যাপক ড. হিরোকি হামাদা; নাগাসে ভিটা কো., লিমিটেডের পেশাগত পরামর্শক প্রকৌশলী ড. দাইজো কুডো; তোকাই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মিওয়া আবে ও ড. তাদাশি উচিয়ামা; তোকাই বিশ্ববিদ্যালয় ও থটহাউস লিমিটেডের ভিজিটিং অধ্যাপক ও প্রতিনিধি পরিচালক ড. ইয়োশিও মায়েদা; ওয়েস্ট-ওকায়ামা মেডিকেল ক্লিনিক ও হ্যান্ডসন ল্যান্ডের নির্বাহী পরিচালক ও সিইও সেইজি ইশিমোতো; জেনমিরাই জাপান গ্রুপের সিইও ইয়াসুহিরো কাওয়ামোতো; জেনারেল ইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন হামিংবার্ডের প্রতিনিধি পরিচালক ইউটা শিগেমোরি; সাকুরা গ্রæপ ও এডুকেশনাল কর্পোরেশন সুরুইশি গাকুয়েনের সিইও, চেয়ারম্যান/প্রেসিডেন্ট বুনশি সুরুইশি; পাথফাইন্ডার কো., লিমিটেডের সিইও তোশিয়ুকি মায়েদা এবং ওকায়ামা বিজনেস কলেজের আন্তর্জাতিক বিভাগের ড. মোঃ জিয়াউল করিম।
মতবিনিময় সভায় প্রতিনিধি দলের সদস্যরা উদ্ভিদ জৈবপ্রযুক্তি, প্ল্যান্ট সেল ইঞ্জিনিয়ারিং, টিস্যু ও অর্গান কালচার, বায়োরিসোর্স উন্নয়ন, খাদ্য ও পুষ্টি, কার্যকরী খাদ্য, শিল্প জৈবপ্রযুক্তি, এনজাইম প্রযুক্তি, ফার্মেন্টেশন, প্রসেস ইঞ্জিনিয়ারিং, নগর ও আঞ্চলিক পরিকল্পনা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, স্বাস্থ্যসেবা, কৃষি এবং আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সহযোগিতা বিষয়ে নিজেদের আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সভায় উভয় পক্ষ বাংলাদেশ ও জাপানের মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা, কৃষি ও প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষক বিনিময় কার্যক্রম সম্প্রসারণে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সফর শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সফর দুই দেশের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে যৌথ গবেষণা, জ্ঞান ও প্রযুক্তি বিনিময়, একাডেমিক সহযোগিতা এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।