এগ্রিলাইফ প্রতিনিধি:“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় মৎস্য পক্ষ২০২৬। এ উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান নারিশ ফিডস লিমিটেড নিরাপদ মৎস্য খাদ্য উৎপাদনে বিশেষ অবদানের জন্য স্বীকৃতি পেয়েছে।
আজ ১৬ আগস্ট ২০২৬, রবিবার ময়মনসিংহ জেলা পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় নারিশ ফিডস লিমিটেড, ভালুকা, ময়মনসিংহ-কে ‘নিরাপদ মৎস্য খাদ্য উৎপাদনে বিশেষ অবদান’ রাখায় মৎস্য পুরস্কার দেওয়া হয়। ময়মনসিংহের জেলা প্রশাসক ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উদযাপন কমিটির সভাপতি মো. সাইফুর রহমান এবং জেলা মৎস্য কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব আরাফাত উদ্দিন আহমেদ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে স্মারক ও সনদপত্র তুলে দেন।
আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মাননীয় সংসদ সদস্য, ময়মনসিংহ সদর (ময়মনসিংহ-৪)।
সভায় মৎস্য চাষের বর্তমান অবস্থা, বর্তমান মৎস্য চাষে বাঁধা সমূহ, বৈজ্ঞানিক চাষ পদ্ধতি, ভালো মানের পোনা, ভালো মানের বিশেষ করে নিরাপদ মৎস্য খাদ্যের গুরুত্ব এবং সরকারি-বেসরকারি সমন্বয়ের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন জনাব মোঃ ওবায়দুল ইসলাম, এজিএম, নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড।
নারিশ ফিডস লিমিটেড শুরু থেকেই ‘নিরাপদ খাদ্যের জন্য নিরাপদ ফিড’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, কঠোর মান নিয়ন্ত্রণ ও প্রযুক্তিনির্ভর প্রক্রিয়ার মাধ্যমে তারা মানসম্পন্ন, পুষ্টিসমৃদ্ধ ও সম্পূর্ণ নিরাপদ ফিড উৎপাদন করে খামারিদের কাছে সরবরাহ করছে। কারণ অনিরাপদ ফিড ওষুধ ব্যবহার করলে উৎপাদিত মাছ, মাংস, দুধ ও ডিমের মাধ্যমে মানবদেহে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
এর আগেও প্রতিষ্ঠানটি ২০২৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক মৎস্য সম্মেলন ও প্রদর্শনীতে অংশ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছের গ্রোয়ার, নার্সারি, স্টার্টার ফিড ও গ্রোয়ার ফিড এবং উন্নত ফর্মুলেশন উপস্থাপন করে ব্যাপক প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সুস্থ, সুন্দর ও মেধাবী জাতি গঠনে নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। প্রাণিজ আমিষের প্রধান উৎস মাছের উৎপাদন বাড়াতে হলে নিরাপদ ফিডের ব্যবহার নিশ্চিত করতে হবে। নারিশ ফিডসের এই স্বীকৃতি দেশের মৎস্যখাতে উচ্চমানের ফিড ব্যবহারের প্রচলন আরও বিস্তৃত করতে ভূমিকা রাখবে।
পুরস্কার গ্রহণের সময় নারিশ ফিডস লিমিটেডের কর্মকর্তারা বলেন, এই স্বীকৃতি তাদের আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যতেও নিরাপদ ও টেকসই ফিড উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তায় অবদান রাখবে তারা।