এগ্রিলাইফ২৪ ডটকম:জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আইন বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীদের অংশগ্রহণে চার দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, আইন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইমামুনুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার ও সহকারী অধ্যাপক মোঃ সাইফুজ জামান, মনোয়ারা সিকদার হলের প্রভোস্ট ও আইন বিভাগের সহকারী অধ্যাপক শাকিলা সুলতানা স্মৃতি, ইসরাত জাহান, তানভীর আহমেদ, নাফিয়া সুলতানা নিতু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. জসিম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলাবোধ ও দলগত মনোভাব গড়ে তুলতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় The Legal Eagles ও Jurist Empire। The Legal Eagles দলের অধিনায়ক ছিলেন আইন বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী মো. শিহাব এবং Jurist Empire দলের অধিনায়ক ছিলেন একই ব্যাচের শিক্ষার্থী রাব্বি খালাশি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে The Legal Eagles জয়লাভ করে।
উদ্বোধনী ম্যাচে আম্পায়ার এর দায়িত্ব পালন করেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল করিম ও প্রভাষক অলিউল ইসলাম।
চার দিনব্যাপী এ টুর্নামেন্টে আইন বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা প্রাণবন্ত হয়ে ওঠে।
এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষামূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।