৪০টি দলের অংশগ্রহণ, স্কুল পর্যায়ে শহীদ বুদ্ধিজীবী ডা. হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন
এগ্রিলাইফ প্রতিনিধি: জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এ বিজ্ঞান মেলায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে মোট ৪০টি দল অংশগ্রহণ করে।
বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও বৈজ্ঞানিক গবেষণাভিত্তিক বিভিন্ন প্রকল্প ও প্রযুক্তিগত ধারণা উপস্থাপন করে। প্রতিযোগিতা শেষে স্কুল পর্যায়ে শহীদ বুদ্ধিজীবী ডা. হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আব্দুল খালেক, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আখতারুল ইসলাম এবং প্রক্টর ইমামনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক সনেট কুমার সাহা।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. জসিম উদ্দিন বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করা এবং তাদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীলতা চর্চা এবং নতুন নতুন উদ্ভাবনী ধারণা উপস্থাপনের একটি কার্যকর প্ল্যাটফর্ম। বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও গবেষণাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং তাদের মধ্যে অনুসন্ধিৎসু মন, যুক্তিবাদী চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তুলতে হবে। এ ধরনের বিজ্ঞান মেলা ভবিষ্যৎ বিজ্ঞানী ও উদ্ভাবক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।