৪০টি দলের অংশগ্রহণে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন
এগ্রিলাইফ প্রতিনিধি:শরীয়তপুর প্রতিনিধি: শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে আগ্রহী করে তোলার লক্ষ্যে জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সনেট কুমার সাহার সার্বিক তত্ত্বাবধানে এ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। এবারের বিজ্ঞান মেলায় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মোট ৪০টি দল অংশগ্রহণ করেছে। প্রতিটি দলে তিনজন করে শিক্ষার্থী তাদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর ধারণা প্রদর্শন করছেন। শিক্ষার্থীদের এসব প্রকল্পে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ, সৃজনশীল চিন্তা এবং নতুন কিছু উদ্ভাবনের প্রচেষ্টা তুলে ধরা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. জসিম উদ্দিন বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রায় তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন করলেই হবে না, সেই জ্ঞানকে বাস্তব জীবনের সমস্যা সমাধানে কাজে লাগাতে হবে। বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎসু মনোভাব, গবেষণার আগ্রহ এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনের সক্ষমতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের প্রচলিত চিন্তার বাইরে গিয়ে নতুন নতুন ধারণা নিয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, একটি জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও উন্নত বাংলাদেশ গড়তে বিজ্ঞানচর্চা, গবেষণা এবং উদ্ভাবনী উদ্যোগকে শিক্ষাজীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, দলগত কাজ এবং ভবিষ্যতে গবেষণা ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি করবে।
দুই দিনব্যাপী এ বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প দর্শনার্থীদের সামনে উপস্থাপনের পাশাপাশি নিজেদের ধারণা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এ আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক সৃজনশীল কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আব্দুল খালেক, রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আকতারুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শাহীদুর রহমান খাঁন, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মশহুদ উজ জামান, সহযোগী অধ্যাপক ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এর সভাপতি ডক্টর মো. মাহাফুজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইমামুনুর রহমান, মকফর উদ্দিন সিকদার হলের প্রভোস্ট ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. আমিমুল এহসান, মনোয়ারা সিকদার হলের প্রভোস্ট ও আইন বিভাগের প্রভাষক শাকিলা সুলতানা স্মৃতি, সহকারী অধ্যাপক ও ইংরেজি বিভাগের সভাপতি মনিরুজ্জামান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও কো-অর্ডিনেটর রাজু সাহাজি এবং বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।