ক্যাম্পাস ডেস্ক:জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Career and skill development Club-এর উদ্যোগে “How to Become a Self Learner: Skills for Lifelong Learning and Career Success” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে স্বশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।
সিএসই বিভাগের ৩১ ব্যাচের শিক্ষার্থী আমেনা সারার উপস্থাপনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আক্তারুল ইসলাম।
সেমিনারে স্পিকার হিসেবে বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেন ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. শহীদুর রহমান খান, আইকিইউসি এর অতিরিক্ত পরিচালক ড. হোসেন মোহাম্মদ জাকির, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক সনেট কুমার সাহা এবং ইংরেজি বিভাগ এর প্রভাষক ইসরাত জাহান।
বক্তারা বলেন, বর্তমান দ্রুত পরিবর্তনশীল বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার ওপর নির্ভর করে ক্যারিয়ারে সফল হওয়া সম্ভব নয়। কর্মক্ষেত্রের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের আজীবন শেখার মানসিকতা গড়ে তুলতে হবে। নিজের আগ্রহ, লক্ষ্য ও প্রয়োজন অনুযায়ী তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, সমস্যা সমাধান, প্রযুক্তির ব্যবহার এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে একজন শিক্ষার্থী নিজেই নিজের শেখার দায়িত্ব নিতে পারে।
প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “একজন সফল শিক্ষার্থী শুধু শ্রেণিকক্ষের জ্ঞান অর্জন করে না; বরং নিজের কৌতূহল, সৃজনশীলতা ও অধ্যবসায়কে কাজে লাগিয়ে প্রতিনিয়ত নতুন কিছু শেখে।” তিনি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি যোগাযোগ দক্ষতা, প্রযুক্তিগত দক্ষতা, নেতৃত্বগুণ ও সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি অধ্যাপক ড. মোঃ আক্তারুল ইসলাম বলেন, ভবিষ্যতের কর্মজীবনে সফল হতে হলে শিক্ষার্থীদের পরিবর্তনকে গ্রহণ করার সক্ষমতা এবং নতুন জ্ঞান অর্জনের আগ্রহ থাকতে হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বই পড়া, গবেষণা করা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
সেমিনারে স্পিকাররা Self-learning-এর বিভিন্ন কৌশল, সময় ব্যবস্থাপনা, লক্ষ্য নির্ধারণ, অনলাইন রিসোর্সের কার্যকর ব্যবহার, দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাদের ক্যারিয়ার ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে বাস্তবভিত্তিক পরামর্শ প্রদান করা হয়।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, Career Club-এর সদস্য এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করে। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের আত্মশিক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।