এগ্রিলাইফ২৪ ডটকম:জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিদায়ের মধ্য দিয়ে শিক্ষার্থীদের ছাত্রজীবনের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটলেও কর্মজীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়। তাই কর্মজীবনে প্রত্যেককে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “তোমরা প্রত্যেকেই এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। তোমাদের সফলতার ওপর বিশ্ববিদ্যালয়ের সফলতা অনেকাংশে নির্ভর করে। কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা, দক্ষতা ও সাফল্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা সমুন্নত রাখবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মাহাফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আকতারুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিএসই বিভাগের কো-অর্ডিনেটর মো. রাফিউল ইসলাম এবং বিভাগের শিক্ষক মো. তাহসিন আমিন, আল মাহমুদ সিয়াম ও মোছা. দিলরুবা ইয়াসমিন। অনুষ্ঠানের একপর্যায়ে সিএসই বিভাগের ২৮তম ব্যাচের পক্ষ থেকে ২৭তম ব্যাচের সকল বিদায়ী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিএসই বিভাগের ৩১তম ব্যাচের শিক্ষার্থী আমেনা সারা।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন। পাশাপাশি অর্জিত জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।