Friday, September 04, 2026
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণাঞ্চলের আমড়া: খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় সম্ভাবনার নতুন দিগন্ত
02, Sep 2026 | গবেষণা ও ফিচার

ড. মো. মাহমুদুল হাসান খানঃবাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। বিশেষ করে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক অভিঘাতে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ত পানির অনুপ্রবেশ, জোয়ার-ভাটা, জলাবদ্ধতা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অনিয়মিত বৃষ্টিপাত, অতিরিক্ত তাপমাত্রা এবং দীর্ঘস্থায়ী খরার মতো ঘটনা এ অঞ্চলের কৃষি উৎপাদন ও মানুষের জীবন-জীবিকার ওপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে। বিশ্বব্যাংকের বিভিন্ন বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারণে লবণাক্ততা ও মিঠা পানির প্রাপ্যতা কৃষি ও মানুষের জীবনযাত্রার জন্য গুরুত্বপূর্ণ ঝুঁকি হয়ে উঠছে; এমনকি ২০৫০ সালের মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীর লবণাক্ততায় উল্লেখযোগ্য পরিবর্তনের আশঙ্কা করা হয়েছে। 

বাংলাদেশের উপকূলীয় ভূমির একটি বড় অংশ ইতোমধ্যে লবণাক্ততার প্রভাবে ক্ষতিগ্রস্ত এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে এ ঝুঁকি আরও বাড়তে পারে। এই বাস্তবতায় দক্ষিণাঞ্চলের কৃষিতে এমন ফসল ও ফলের গুরুত্ব বাড়ছে, যেগুলো স্থানীয় জলবায়ু, মাটি, পানি ও কৃষকের আর্থসামাজিক অবস্থার সঙ্গে তুলনামূলকভাবে বেশি সামঞ্জস্যপূর্ণ। 

আমড়া বা হগ প্লাম (Spondias pinnata) এ ধরনের একটি সম্ভাবনাময় ফল। এটি বাংলাদেশের একটি পরিচিত দেশীয় ফল হলেও এর বাণিজ্যিক গুরুত্ব, পুষ্টিমূল্য, বহুমুখী ব্যবহার এবং দক্ষিণাঞ্চলের কৃষিতে অভিযোজনের সম্ভাবনা এখনো প্রয়োজনের তুলনায় কম গুরুত্ব পেয়েছে। বিশেষ করে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, বরগুনা ও পটুয়াখালী অঞ্চলে আমড়া দীর্ঘদিন ধরে কৃষক ও ভোক্তার কাছে জনপ্রিয় এবং বরিশাল অঞ্চলের আমড়া দেশের বাজারে একটি স্বতন্ত্র পরিচিতি অর্জন করেছে। বাংলাদেশে আমড়ার প্রধান উৎপাদন অঞ্চল বৃহত্তর বরিশাল ও সাতক্ষীরা এলাকায় কেন্দ্রীভূত হলেও উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে দেশের অন্যান্য এলাকাতেও এর চাষ সম্ভব। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের একটি সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনে আমড়াকে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ক্ষুদ্র দেশীয় ফল হিসেবে উল্লেখ করে বলা হয়েছে যে, দেশে এর প্রধান উৎপাদন অঞ্চল বৃহত্তর বরিশাল ও সাতক্ষীরা; একই গবেষণায় আমড়ার বৈজ্ঞানিক নাম Spondias pinnata এবং বাংলাদেশে বারি আমড়া-১, বারি আমড়া-২ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত আমড়ার জাতের উল্লেখ রয়েছে। দক্ষিণাঞ্চলের আমড়া উৎপাদনের সাম্প্রতিক চিত্রও এ ফলের গুরুত্বকে স্পষ্ট করে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য উদ্ধৃত করে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যায়, বরিশাল বিভাগে প্রায় ১,৮৫৫ হেক্টর জমিতে আমড়া চাষ হয় এবং বার্ষিক গড় উৎপাদন প্রায় ২৪,৬৮৪ মেট্রিক টন; এর মধ্যে পিরোজপুরে প্রায় ৮,৬৭৭ মেট্রিক টন, ঝালকাঠিতে ৪,৫৭৮ মেট্রিক টন এবং বরিশালে ৩,৩৮৪ মেট্রিক টন উৎপাদনের তথ্য উল্লেখ করা হয়েছে। পিরোজপুর জেলার সরকারি বার্ষিক প্রতিবেদনের একটি হিসাব অনুযায়ী, ২০২১–২২ অর্থবছরে জেলায় প্রায় ৩৯৬ একর জমিতে আমড়া চাষ এবং প্রায় ৪,৬২৭ মেট্রিক টন উৎপাদনের হিসাব পাওয়া যায়। এ পরিসংখ্যানগুলো দেখায় যে আমড়া দক্ষিণাঞ্চলে কেবল পারিবারিক বা গৃহস্থালি ফল নয়; এটি ইতোমধ্যে একটি উল্লেখযোগ্য বাণিজ্যিক ফল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জাতীয় পর্যায়েও আমড়ার উৎপাদন সম্ভাবনা যথেষ্ট বড়। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যভিত্তিক পূর্ববর্তী হিসাব অনুযায়ী, ২০১৩–১৪ অর্থবছরে বাংলাদেশে প্রায় ৫,৪৮০ হেক্টর জমিতে আমড়া উৎপাদন হয়েছিল প্রায় ৪৮,৮৭৪ টন; ২০১৭–১৮ অর্থবছরে আবাদি এলাকা বেড়ে প্রায় ৬,২৭৮ হেক্টর এবং উৎপাদন প্রায় ৯৭,৪৮১ টনে পৌঁছেছিল। পরবর্তী বছরগুলোতে উৎপাদনে ওঠানামা থাকলেও এসব তথ্য প্রমাণ করে যে আমড়া দেশের ফল অর্থনীতিতে একটি উল্লেখযোগ্য সম্ভাবনাময় ফসল। আমড়ার বিশেষ গুরুত্বের একটি কারণ হলো দক্ষিণাঞ্চলের কৃষি-বাস্তবতার সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক। দক্ষিণাঞ্চলের অনেক নিচু জমি বর্ষা ও জোয়ারের পানিতে প্লাবিত হয়। ফলে প্রচলিত এক বা একাধিক মৌসুমি ফসল উৎপাদন অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। স্থানীয় কৃষকেরা বহু বছর ধরে উঁচু কান্দি বা বেড তৈরি করে এবং বেডের মাঝখানে নালা রেখে ফলের বাগান করার যে পদ্ধতি ব্যবহার করে আসছেন, সেটি স্থানীয়ভাবে ‘সর্জান’ পদ্ধতি হিসেবে পরিচিত। এ ব্যবস্থায় উঁচু বেডে ফলের গাছ লাগানো যায় এবং নিচের নালায় পানি চলাচল ও নিষ্কাশনের ব্যবস্থা থাকে; কোথাও কোথাও ছোট নৌকার মাধ্যমে ফল সংগ্রহও করা সম্ভব। ফলে জলাবদ্ধ ও জোয়ারপ্রবণ এলাকায় স্থানীয় জ্ঞান ও আধুনিক কৃষি প্রযুক্তির সমন্বয়ে আমড়াকে একটি অভিযোজনমূলক ফল ফসল হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—আমড়া সম্পূর্ণভাবে লবণাক্ততা-সহনশীল ফসল হিসেবে বিবেচনা করা উচিত নয়; বরং দক্ষিণাঞ্চলের জন্য উপযুক্ত জাত, মাটির লবণাক্ততার মাত্রা, পানি ব্যবস্থাপনা, উঁচু বেড, নিষ্কাশন ব্যবস্থা এবং স্থানভিত্তিক প্রযুক্তি নির্বাচন করে এর সম্প্রসারণ করতে হবে। 

বিশ্বব্যাংকের জলবায়ু-স্মার্ট কৃষি বিশ্লেষণে দেখা যায়, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা কৃষি উৎপাদনকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করছে এবং জলবায়ু-সহনশীল কৃষি ব্যবস্থার জন্য স্থানভিত্তিক প্রযুক্তি ও বিনিয়োগ প্রয়োজন। আমড়ার সবচেয়ে বড় সম্ভাবনার একটি ক্ষেত্র হলো খাদ্য ও পুষ্টি নিরাপত্তা। বাংলাদেশে খাদ্য নিরাপত্তার ধারণা এখন শুধু ধান, গম বা অন্যান্য প্রধান শস্যের পর্যাপ্ত উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং মানুষের জন্য নিরাপদ, বৈচিত্র্যময় ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাও এর অপরিহার্য অংশ। আমড়া এই বৈচিত্র্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

বাংলাদেশে ব্যবহৃত Food Composition Table-এ কাঁচা আমড়া বা Hog plum-কে Spondias pinnata হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশি গবেষণায় আমড়ার পুষ্টি ও জৈব সক্রিয় উপাদান নিয়ে উল্লেখযোগ্য তথ্য পাওয়া গেছে। একটি গবেষণায় আমড়ায় ১৯টি phytochemical, ১২টি mineral এবং ৭টি nutritional component শনাক্ত করা হয়েছে; প্রতি ১০০ গ্রাম আমড়ায় প্রায় ৬৭.৯০ মিলিগ্রাম ascorbic acid (ভিটামিন C) এবং প্রায় ৩১৪ মাইক্রোগ্রাম beta-carotene পাওয়া গেছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। একই গবেষণায় phenolic compounds, antioxidant capacity এবং lutein-এর উপস্থিতিও শনাক্ত হয়েছে। ভিটামিন C শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা, আয়রন শোষণ ও বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে; অন্যদিকে ক্যারোটিনয়েড ও বিভিন্ন phenolic compound অ্যান্টিঅক্সিডেন্ট কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত। তাই আমড়া নিয়মিত খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা গেলে খাদ্যের বৈচিত্র্য ও পুষ্টিমান বৃদ্ধিতে সহায়ক হতে পারে। বিশেষ করে গ্রামীণ দরিদ্র পরিবার, শিশু ও নারীদের খাদ্যতালিকায় স্থানীয়ভাবে সহজলভ্য ফলের অন্তর্ভুক্তি পুষ্টির ঘাটতি মোকাবিলায় সহায়ক হতে পারে। তবে আমড়াকে কোনো নির্দিষ্ট রোগের চিকিৎসা হিসেবে বিবেচনা করা উচিত নয়; বরং বৈচিত্র্যময় ও সুষম খাদ্যের অংশ হিসেবে এর পুষ্টিগত গুরুত্ব বিবেচনা করা অধিক বৈজ্ঞানিক। 

আমড়ার আরেকটি বড় সুবিধা হলো এর বহুমুখী ব্যবহার। কাঁচা আমড়া সাধারণত লবণ-মরিচ দিয়ে খাওয়া হয়; ভর্তা, আচার, চাটনি, শরবত, জুস এবং বিভিন্ন খাবারে ব্যবহার করা যায়। পরিপক্ব আমড়া থেকে জেলি, জ্যাম, মোরব্বা, পাল্প ও অন্যান্য প্রক্রিয়াজাত পণ্য তৈরি করা সম্ভব। কোথাও কোথাও আমড়া রান্না করেও খাওয়া হয়। ফলে আমড়াকে শুধু তাজা ফল হিসেবে বাজারজাত না করে value-added food product হিসেবে উন্নয়ন করা গেলে কৃষক ও উদ্যোক্তার আয় বাড়ানো সম্ভব। দক্ষিণাঞ্চলের গ্রামীণ অর্থনীতিতে এর একটি বড় সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি খাদ্যপ্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান এবং কৃষক সমবায়ের মাধ্যমে আমড়াভিত্তিক আচার, চাটনি, জেলি, পাল্প ও শুকনো পণ্য তৈরি করা গেলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। 

আমড়ার বাজারব্যবস্থার ক্ষেত্রেও দক্ষিণাঞ্চলের একটি শক্তিশালী স্থানীয় নেটওয়ার্ক রয়েছে। পিরোজপুরের স্বরূপকাঠি/নেছারাবাদ, ঝালকাঠি সদর এবং বরিশালের বিভিন্ন বাজার ও গ্রামভিত্তিক বাগান থেকে আমড়া সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। ঝালকাঠির কৃষি বিভাগের তথ্য উদ্ধৃত করে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, একটি সাম্প্রতিক মৌসুমে জেলায় প্রায় ৬০২ হেক্টর জমিতে আমড়া উৎপাদিত হয়েছে এবং মোট উৎপাদন প্রায় ৪,৮৭৪ মেট্রিক টন হওয়ার পূর্বাভাস ছিল; একই প্রতিবেদনে আমড়ার উৎপাদন খরচ তুলনামূলক কম এবং ফল দ্রুত নষ্ট না হওয়ায় এটি কৃষকের জন্য লাভজনক হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ বৈশিষ্ট্য দক্ষিণাঞ্চলের কৃষকের জন্য গুরুত্বপূর্ণ, কারণ অন্যান্য নরম ও দ্রুত পচনশীল ফলের তুলনায় আমড়া কিছুটা বেশি সময় বাজারজাত করা সম্ভব হলে কৃষক ও ব্যবসায়ী উভয়েই সুবিধা পান। তবে আমড়ার বাণিজ্যিক সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে উৎপাদনের পাশাপাশি সংগ্রহোত্তর ব্যবস্থাপনা উন্নত করা জরুরি। অপরিপক্ব অবস্থায় ফল সংগ্রহ, অতিরিক্ত আঘাত, অনুপযুক্ত বস্তায় পরিবহন, গ্রেডিংয়ের অভাব, রোদে দীর্ঘ সময় রাখা এবং বাজারজাতকরণে বিলম্বের কারণে ফলের মান কমে যেতে পারে। কৃষকের আয় বৃদ্ধির জন্য তাই বাগান থেকে ভোক্তা পর্যন্ত সম্পূর্ণ value chain উন্নত করা প্রয়োজন। ফল সংগ্রহের সঠিক সময় নির্ধারণ, উন্নত ক্রেট ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা, গ্রেডিং, প্যাকেজিং, স্বল্পমেয়াদি সংরক্ষণ এবং দ্রুত পরিবহন ব্যবস্থা গড়ে তোলা গেলে আমড়ার গুণগতমান বজায় রাখা সম্ভব। একই সঙ্গে স্থানীয়ভাবে ছোট আকারের cold storage বা controlled storage, processing centre এবং collection centre গড়ে তোলা গেলে মৌসুমি অতিরিক্ত সরবরাহের সময় দাম পড়ে যাওয়ার ঝুঁকি কমানো যাবে। 

আমড়ার চাষ সম্প্রসারণে উন্নত জাত একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বারি আমড়া-১ ও বারি আমড়া-২ ইতোমধ্যে কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ জাত হিসেবে পরিচিত। কৃষি তথ্য সার্ভিসের তথ্য অনুযায়ী, বারি আমড়া-১ একটি উচ্চফলনশীল জাত এবং এর ফলন প্রায় ১৫–১৭ টন/হেক্টর; এটি সারা বাংলাদেশে চাষোপযোগী এবং বিশেষভাবে লবণাক্ত দক্ষিণাঞ্চলের জন্য উপযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। বারি আমড়া-২ নিয়মিত ফলদানকারী উচ্চফলনশীল জাত এবং এর ফলন প্রায় ১৭ টন/হেক্টর; এটিও সারা দেশে চাষোপযোগী এবং লবণাক্ত দক্ষিণাঞ্চলের জন্য বিশেষভাবে উপযোগী বলে কৃষি তথ্য সার্ভিস উল্লেখ করেছে। এই জাতগুলোকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন agro-ecological condition-এ আরও বিস্তৃতভাবে মূল্যায়ন করা প্রয়োজন, বিশেষ করে মাটি ও পানির লবণাক্ততা, জলাবদ্ধতার স্থায়িত্ব, ঘূর্ণিঝড় ও অতিরিক্ত বৃষ্টিপাতের প্রভাব এবং ফলের গুণগতমান বিবেচনায়। ভবিষ্যতের গবেষণায় শুধু ফলন নয়, বরং climate resilience index-এর মতো সমন্বিত সূচক ব্যবহার করে জাত নির্বাচন করা যেতে পারে। 

দক্ষিণাঞ্চলের কৃষিতে আমড়া সম্প্রসারণের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাগান ব্যবস্থাপনা। উন্নত মানের রোগমুক্ত চারা, উপযুক্ত দূরত্বে রোপণ, গাছের আকৃতি নিয়ন্ত্রণ, ছাঁটাই, সুষম সার প্রয়োগ, জৈব সার ব্যবহার, মাটির আর্দ্রতা সংরক্ষণ, প্রয়োজনীয় সেচ ও পানি নিষ্কাশন এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা, আর্দ্রতা ও বৃষ্টিপাতের ধরন পরিবর্তিত হলে রোগ ও পোকামাকড়ের আক্রমণের সময় ও তীব্রতা পরিবর্তিত হতে পারে। তাই প্রচলিত calendar-based pesticide use-এর পরিবর্তে Integrated Pest Management (IPM)-কে অগ্রাধিকার দেওয়া উচিত। রোগ-পোকা পর্যবেক্ষণ, ফেরোমোন/আলোক ফাঁদ, যান্ত্রিক দমন, জৈবিক নিয়ন্ত্রণ এবং প্রয়োজন হলে নিবন্ধিত ও অনুমোদিত বালাইনাশকের সঠিক ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। এর ফলে উৎপাদন ব্যয় কমার পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনও নিশ্চিত হবে। 

জলবায়ু পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাব হলো চরম আবহাওয়ার ঝুঁকি। উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে ফলগাছ ভেঙে পড়া, শাখা-প্রশাখা ক্ষতিগ্রস্ত হওয়া এবং ফল ঝরে পড়ার ঝুঁকি রয়েছে। তাই আমড়ার বাগানে বাতাসের গতিপথ, জমির উচ্চতা, পানি নিষ্কাশন, গাছের শক্ত কাঠামো এবং প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা বিবেচনায় নিতে হবে। উঁচু বেড বা সর্জান পদ্ধতির সঙ্গে উপযুক্ত গাছের প্রশিক্ষণ ও pruning ব্যবস্থা সমন্বয় করা যেতে পারে। নতুন বাগান স্থাপনের সময় অতিরিক্ত ঝুঁকিপ্রবণ নিচু জমির পরিবর্তে তুলনামূলক উঁচু ও সুনিষ্কাশিত স্থান নির্বাচন করা উচিত। জলবায়ু পরিবর্তনের সঙ্গে কৃষির অভিযোজনকে কেবল একটি ফসলের বিষয় হিসেবে না দেখে বহুমুখী কৃষি ব্যবস্থার অংশ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। আমড়ার সঙ্গে পেয়ারা, নারিকেল, ডাল, সবজি বা অন্যান্য উপযোগী ফসল সমন্বিতভাবে চাষ করা গেলে কৃষকের আয় ও খাদ্যনিরাপত্তার ভিত্তি আরও শক্তিশালী হতে পারে। দক্ষিণাঞ্চলের কৃষকদের জন্য ফলভিত্তিক agroforestry system একটি সম্ভাবনাময় বিকল্প হতে পারে। এতে একই জমিতে দীর্ঘমেয়াদি ফলগাছের সঙ্গে স্বল্পমেয়াদি ফসল উৎপাদনের সুযোগ তৈরি হয় এবং কৃষকের আয় একক ফসলের ওপর নির্ভরশীল থাকে না। আমড়া বাগানের নিচে বা মধ্যবর্তী স্থানে উপযোগী স্বল্পমেয়াদি ফসলের সমন্বয় স্থানীয় agro-ecological condition অনুযায়ী পরীক্ষা করা প্রয়োজন। খাদ্য ও পুষ্টি নিরাপত্তার পাশাপাশি আমড়া কৃষকের আয় ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। 

বাগান স্থাপনের পর ফলন শুরু হলে কৃষক প্রতিবছর ফল বিক্রি করে নগদ আয় করতে পারেন। আমড়া সংগ্রহ, পরিবহন, বাছাই, পাইকারি বিক্রি, খুচরা বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণে স্থানীয় পর্যায়ে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। নারী ও যুব উদ্যোক্তাদের জন্য আমড়াভিত্তিক value-added food processing বিশেষ সম্ভাবনাময়। যদি কৃষক সরাসরি ভোক্তা বা প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন, তাহলে মধ্যস্বত্বভোগীর ওপর নির্ভরতা কমিয়ে কৃষকের উৎপাদনের ন্যায্য মূল্য নিশ্চিত করা সম্ভব। এ জন্য কৃষক সমবায়, producer group, contract farming এবং ডিজিটাল বাজারসংযোগ ব্যবস্থার উন্নয়ন করা যেতে পারে। 

আমড়ার উৎপাদন ও বাজার সম্প্রসারণে ব্র্যান্ডিংও গুরুত্বপূর্ণ। “বরিশালের আমড়া” ইতোমধ্যে ভোক্তাদের কাছে পরিচিত একটি নাম; এই আঞ্চলিক পরিচিতিকে আরও শক্তিশালী করে geographical indication বা অঞ্চলভিত্তিক ব্র্যান্ডিংয়ের সম্ভাবনা যাচাই করা যেতে পারে। এর মাধ্যমে নির্দিষ্ট এলাকার আমড়ার গুণগত বৈশিষ্ট্য, উৎপাদন পদ্ধতি ও ঐতিহ্যকে বাজারমূল্যের সঙ্গে যুক্ত করা সম্ভব। একই সঙ্গে নিরাপদ উৎপাদন, traceability এবং মাননিয়ন্ত্রণ নিশ্চিত করা গেলে দেশের বাইরে প্রবাসী বাংলাদেশি বাজারসহ আন্তর্জাতিক niche market-এও প্রক্রিয়াজাত আমড়ার পণ্য বাজারজাত করার সুযোগ সৃষ্টি হতে পারে। তবে রপ্তানির জন্য phytosanitary requirement, residue standard, packaging standard এবং আন্তর্জাতিক খাদ্যনিরাপত্তা মান পূরণ করতে হবে। গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রেও আমড়াকে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। 

বাংলাদেশে আমড়া নিয়ে গবেষণা এখনো আম, পেয়ারা বা অন্যান্য প্রধান ফলের তুলনায় সীমিত। ভবিষ্যৎ গবেষণায় আমড়ার জেনেটিক বৈচিত্র্য, লবণাক্ততা সহনশীলতা, জলাবদ্ধতা সহনশীলতা, ফলন স্থায়িত্ব, ফলের পুষ্টিগুণ, অ্যান্টিঅক্সিডেন্ট profile, post-harvest physiology এবং value-added processing নিয়ে কাজ করা প্রয়োজন। বিভিন্ন স্থানীয় genotype সংগ্রহ করে germplasm bank তৈরি করা যেতে পারে এবং molecular characterization-এর মাধ্যমে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের genotype শনাক্ত করা সম্ভব। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে salt tolerance, waterlogging tolerance এবং heat tolerance-এর মতো বৈশিষ্ট্যকে breeding objective হিসেবে বিবেচনা করা যেতে পারে। একই সঙ্গে GIS ও remote sensing ব্যবহার করে দক্ষিণাঞ্চলের উপযোগী আমড়া উৎপাদন অঞ্চল চিহ্নিত করা সম্ভব। মাটি ও পানির লবণাক্ততা, ভূমির উচ্চতা, বৃষ্টিপাত, তাপমাত্রা, পানি নিষ্কাশন, বাজারের দূরত্ব ও পরিবহন অবকাঠামো এসব তথ্য সমন্বিত করে location-specific আমড়া production map তৈরি করা যেতে পারে। এতে কোন ইউনিয়ন বা উপজেলার কোন ধরনের জমিতে কোন জাত ও প্রযুক্তি সবচেয়ে উপযোগী হবে, তা নির্ধারণ সহজ হবে। 

জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণাঞ্চলের কৃষিতে যে ঝুঁকি সৃষ্টি হচ্ছে, তার মধ্যে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ। বিশ্বব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা কৃষি, পানীয় জল ও জীবিকার ওপর প্রভাব ফেলছে এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে এসব ঝুঁকি আরও তীব্র হতে পারে। তাই শুধু ধান বা প্রচলিত মৌসুমি ফসলের ওপর নির্ভর না করে ফলভিত্তিক বহুমুখী কৃষি ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। আমড়া এ ক্ষেত্রে একটি সম্ভাবনাময় উপাদান হতে পারে, কারণ এটি স্থানীয়ভাবে পরিচিত, ভোক্তাপ্রিয়, পুষ্টিসমৃদ্ধ, বহুমুখী ব্যবহারযোগ্য এবং দক্ষিণাঞ্চলে ইতোমধ্যে বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে। তবে আমড়ার সম্প্রসারণকে সফল করতে হবে “উৎপাদন বৃদ্ধি + পুষ্টি + কৃষকের আয় + জলবায়ু অভিযোজন + নিরাপদ খাদ্য + বাজার উন্নয়ন”—এই ছয়টি বিষয়কে একসঙ্গে বিবেচনা করে। জাতীয় কৃষিনীতি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা কর্মসূচি এবং জলবায়ু অভিযোজন পরিকল্পনার সঙ্গে আমড়া উৎপাদনকে সমন্বিত করা যেতে পারে। বিশেষ করে SDG-2 বা Zero Hunger-এর লক্ষ্য অনুযায়ী নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের প্রাপ্যতা বাড়াতে এবং SDG-13 বা Climate Action-এর আলোকে জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করতে আমড়ার মতো স্থানীয় ফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে SDG-8-এর আওতায় গ্রামীণ কর্মসংস্থান ও আয় বৃদ্ধি এবং SDG-12-এর আওতায় নিরাপদ ও টেকসই উৎপাদন ও ভোগব্যবস্থার সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। 

বাংলাদেশের কৃষিতে জলবায়ু-স্মার্ট প্রযুক্তির গুরুত্ব ক্রমেই বাড়ছে; বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশে জলবায়ু-স্মার্ট কৃষি প্রযুক্তি সম্প্রসারণে উল্লেখযোগ্য বিনিয়োগ হয়েছে এবং বিভিন্ন কৃষক উন্নত প্রযুক্তি গ্রহণের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির সুযোগ পেয়েছেন। দক্ষিণাঞ্চলের আমড়া উৎপাদনেও একই ধরনের জলবায়ু-স্মার্ট পদ্ধতি প্রয়োগ করা প্রয়োজন। 

সবশেষে বলা যায়, আমড়া দক্ষিণাঞ্চলের জন্য শুধু একটি ফল নয়; এটি খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কৃষকের আয় বৃদ্ধি, গ্রামীণ কর্মসংস্থান এবং জলবায়ু অভিযোজনের একটি সম্ভাবনাময় কৃষি সম্পদ। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী বরিশাল বিভাগে প্রায় ১,৮৫৫ হেক্টর জমিতে ২৪ হাজার টনের বেশি আমড়া উৎপাদনের যে চিত্র পাওয়া যাচ্ছে, তা এই ফলের বাণিজ্যিক সম্ভাবনাকে স্পষ্ট করে; একই সঙ্গে বারি আমড়া-১ ও বারি আমড়া-২-এর মতো জাতের ১৫–১৭ টন/হেক্টর বা তার কাছাকাছি সম্ভাব্য ফলন এবং দক্ষিণাঞ্চলের জন্য বিশেষ উপযোগিতার তথ্যও আশাব্যঞ্জক। এখন প্রয়োজন দক্ষিণাঞ্চলের বিভিন্ন agro-ecological zone-এ আমড়ার জন্য স্থানভিত্তিক উচ্চফলনশীল ও জলবায়ু-সহনশীল জাত নির্বাচন, উন্নত চারা উৎপাদন, সর্জান ও উঁচু বেড প্রযুক্তির আধুনিকীকরণ, মাটি ও পানি ব্যবস্থাপনা, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, নিরাপদ উৎপাদন, আধুনিক সংগ্রহোত্তর প্রযুক্তি, প্রক্রিয়াজাতকরণ শিল্প, কৃষক প্রশিক্ষণ, বাজারসংযোগ এবং গবেষণা-সম্প্রসারণের সমন্বিত কার্যক্রম। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে দক্ষিণাঞ্চলের পতিত ও প্রতিকূল জমিকে আরও উৎপাদনশীল করে তোলা, কৃষকের আয় বাড়ানো, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, পুষ্টিকর খাদ্যের প্রাপ্যতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় স্থানীয় কৃষির স্থিতিস্থাপকতা বাড়ানো সম্ভব হবে। ফলে “জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দক্ষিণাঞ্চলের আমড়া” কেবল একটি কৃষি উৎপাদনের বিষয় নয়; বরং এটি হতে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, জলবায়ু অভিযোজন এবং টেকসই গ্রামীণ অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচনের একটি কার্যকর কৌশল।

লেখক:বিজ্ঞানী ও গবেষক
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft