Wednesday, November 25, 2026
জৈন্তাপুরে মাটি পরীক্ষাভিত্তিক সার সুপারিশ কার্ড বিতরণ ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত
25, Nov 2026 | ফারমার্স এন্ড ফার্মিং

এগ্রিলাইফ প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় মাটি পরীক্ষাভিত্তিক সার সুপারিশ কার্ড বিতরণ, সুষম সার ব্যবস্থাপনা ও মাটির স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সম্প্রতি জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার (MSTL) ‘সুরমা’, সিলেটের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে উপজেলার ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।

সমাবেশে মাটির রাসায়নিক বিশ্লেষণের ভিত্তিতে সার সুপারিশ কার্ড বিতরণ, সুষম মাত্রায় সার প্রয়োগ, ভেজাল সার শনাক্তকরণ, মাটি পরীক্ষার গুরুত্ব এবং মাটির পুষ্টি উপাদানের সঠিক ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মনোয়ার হোসেন, MSTL সুরমা টিমের টিম লিডার ও আঞ্চলিক গবেষণাগার, কিশোরগঞ্জের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. হাফিজুল ইসলাম, আঞ্চলিক গবেষণাগার, পাবনার বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ কে. এম. নাজমুল এবং বিভাগীয় গবেষণাগার, ময়মনসিংহের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. আবুল বাশার।

আলোচনায় কৃষিবিদ মো. মনোয়ার হোসেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার ‘সুরমা’র এ কার্যক্রম কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাটি পরীক্ষার মাধ্যমে জমির প্রকৃত পুষ্টি চাহিদা নিরূপণ করে সার প্রয়োগ করলে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি ফসলের ফলন বৃদ্ধি করা সম্ভব। তিনি কৃষকদের নিয়মিত মাটি পরীক্ষা করে সার প্রয়োগ এবং মাটির স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।

সার সুপারিশ কার্ডের ব্যবহার ও প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন MSTL সুরমার টিম লিডার কৃষিবিদ মো. হাফিজুল ইসলাম। মাটি পরীক্ষার গুরুত্ব, মাটির পুষ্টি উপাদানের সঠিক ব্যবস্থাপনা এবং ফসলের চাহিদা অনুযায়ী সুষম সার প্রয়োগের বিষয়ে বক্তব্য দেন টিম সদস্য কৃষিবিদ কে. এম. নাজমুল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন MSTL সুরমার টিম সদস্য ও বিভাগীয় গবেষণাগার, ময়মনসিংহের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. আবুল বাশার।

বক্তারা বলেন, জমির উর্বরতা ও উৎপাদনশীলতা বজায় রাখতে অনুমাননির্ভর সার প্রয়োগ পরিহার করে মাটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সার ব্যবহার করতে হবে। এতে সারের অপচয় ও উৎপাদন খরচ কমবে, ফসলের ফলন বাড়বে এবং মাটির দীর্ঘমেয়াদি উর্বরতা ও স্বাস্থ্য সংরক্ষিত থাকবে।

অনুষ্ঠান শেষে কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক অফিস, সিলেটের পক্ষ থেকে কৃষি ও মাটিবিষয়ক বিভিন্ন তথ্যসমৃদ্ধ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে মাটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রস্তুতকৃত সার সুপারিশ কার্ড বিতরণ করা হয়।

সমাবেশে অংশগ্রহণকারী কৃষকরা সার সুপারিশ কার্ড অনুসরণ করে ফসল আবাদ এবং অন্যান্য কৃষকদেরও মাটি পরীক্ষা করে সুষম সার ব্যবহারে উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft