Wednesday, November 04, 2026
জয়পুরহাটের কালাই উপজেলায় রাসায়নিক সারের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে উদ্বুদ্ধকরণ সভা
04, Nov 2026 | এগ্রিবিজ এন্ড টেক

আহমেদ আলী:জয়পুরহাটের কালাই উপজেলায় রাসায়নিক সারের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণ এবং মাটির চাহিদা অনুযায়ী সঠিক মাত্রায় সার প্রয়োগে কৃষকদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কালাই, জয়পুরহাটের উদ্যোগে উপজেলার উদয়পুর ইউনিয়নে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হারুনুর রশিদ।

সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, কৃষি জমির উর্বরতা ও উৎপাদনশীলতা ধরে রাখতে মাটির চাহিদা অনুযায়ী সুষম সার প্রয়োগের কোনো বিকল্প নেই। অধিক ফলনের আশায় জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে তা একদিকে যেমন উৎপাদন ব্যয় বাড়ায়, অন্যদিকে মাটির স্বাভাবিক গুণাগুণ ও পরিবেশের ভারসাম্যের ওপর বিরূপ প্রভাব ফেলে। প্রতিটি ফসলের পুষ্টি চাহিদা এক নয়। জমিতে কোন ফসলের জন্য কী পরিমাণ ইউরিয়া, টিএসপি, এমওপি ও অন্যান্য সার প্রয়োজন তা সঠিকভাবে ফসল উৎপাদনের আগে জানা দরকার। মাটি পরীক্ষা করে ফসলের প্রয়োজন অনুযায়ী সঠিক মাত্রায় সার প্রয়োগ করতে হবে। এতে সারের অপচয় রোধের পাশাপাশি উৎপাদন খরচ কমবে এবং ফসলের কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব হবে। 

বক্তারা কৃষকদের উদ্দেশ্যে আরো বলেন, টেকসই ও লাভজনক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার পরিহার করে বিজ্ঞানসম্মত ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি অনুসরণ করতে হবে। কৃষি বিভাগের পরামর্শ মেনে সুষম সার ব্যবহারের মাধ্যমে দেশের কৃষিকে আরও সমৃদ্ধ করার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কৃষিজমির উর্বরতা ও মাটির স্বাস্থ্য সুরক্ষায় কৃষকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।

এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ দেলোয়ার হোসেন, উপসহকারী কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম, মোঃ রুবেল হোসেন, মোঃ শিমুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ ৩০০ জন কৃষক উপস্থিত ছিলেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft