Thursday, November 19, 2026
খোরপোষের কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর ঘটাতে হবে: ব্রি মহাপরিচালক
18, Nov 2026 | এগ্রিবিজ এন্ড টেক

সিরাজগঞ্জের বেলকুচিতে আমন ধান অন্তর্ভুক্তির মাধ্যমে প্রচলিত সরিষা-বোরো-পতিত-রোপা আমন শস্য বিন্যাসকে তিন ফসলী শস্য বিন্যাসে উন্নয়ন
এগ্রিলাইফ২৪ ডটকম:বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, দেশের কৃষিকে খোরপোষের পর্যায় থেকে লাভজনক ও বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে হবে। এ জন্য কৃষিকে আরও জনপ্রিয়, আধুনিক ও লাভজনক করার পাশাপাশি দেশের প্রতিটি আবাদযোগ্য জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো জমি যেন পতিত পড়ে না থাকে, সে বিষয়ে কৃষক, গবেষক ও সম্প্রসারণকর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। 

আজ ১৮ নভেম্বর ২০২৬ বুধবার ব্রির রাইস ফার্মিং সিস্টেমস বিভাগের উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আদাচাকি গ্রামে আমন ধান অন্তর্ভুক্তির মাধ্যমে প্রচলিত সরিষা-বোরো-পতিত-রোপা আমন শস্য বিন্যাসকে তিন ফসলী শস্য বিন্যাসে উন্নয়ন প্রদর্শনীর মাঠদিবস, কৃষক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্রির রাইস ফার্মিং সিস্টেমস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয়, সিরাজগঞ্জের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মাহমুদা খাতুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজগঞ্জের উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাইস ফার্মিং সিস্টেমস বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. খায়রুল কায়েস, বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান। অনুষ্ঠানে স্থানীয় শতাধিক কৃষক, কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ব্রি-এর রাইস ফার্মিং সিস্টেমস বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা নাহিদা আক্তার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।  

প্রধান অতিথির বক্তব্যে ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম বলেন, প্রতিবছর দেশের জনসংখ্যার সঙ্গে নতুন করে প্রায় ২০-২২ লাখ মানুষ যুক্ত হচ্ছে। প্রায় ১৭ কোটি মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হলে উন্নত কৃষিপ্রযুক্তি ও ব্রি উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের জাতের সম্প্রসারণের কোনো বিকল্প নেই। সরকারের কৃষিবান্ধব নির্দেশনা বাস্তবায়নে ব্রি-এর বিজ্ঞানীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার আদাচাকি গ্রামে পতিত জমিকে চাষাবাদের আওতায় এনে শস্যের নিবিড়তা ও সামগ্রিক কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির একটি উদ্যোগ গ্রহণ করেছে ব্রি-এর রাইস ফার্মিং সিস্টেমস বিভাগ। গ্রামটিতে প্রায় ১২০ বিঘা জমিতে প্রচলিতভাবে রবি মৌসুমে সরিষা ও বোরো মৌসুমে ধান চাষ করা হলেও আমন মৌসুমে অধিকাংশ জমি পতিত থাকত। এ অবস্থায় ২০২৫ সালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রাইস ফার্মিং সিস্টেমস বিভাগের উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বেলকুচি, সিরাজগঞ্জের সহযোগিতায় পতিত আমন মওসুমকে চাষাবাদের আওতায় আনার কার্যক্রম শুরু হয়। 

তিনি বলেন, এ কার্যক্রমের আওতায় প্রাথমিকভাবে ২০ বিঘা জমিতে আমন মওসুমে ব্রি উদ্ভাবিত উচ্চফলনশীল জাত ব্রি ধান৭৫, ব্রি ধান১০৩ ও ব্রি ধান১১০ চাষ করা হয়। পাশাপাশি রবি মওসুমে বারি সরিষা-১৪ ও বারি সরিষা-২০ এবং বোরো মওসুমে ব্রি ধান১০০, ব্রি ধান১০২ ও ব্রি ধান১০৮-এর মতো উচ্চফলনশীল জাত অন্তর্ভুক্ত করে সরিষা-বোরো-আমন শস্যবিন্যাস সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। এর ফলে আগে যে জমিতে বছরে দুটি ফসল উৎপাদিত হতো, সেখানে তিনটি ফসল উৎপাদনের সুযোগ সৃষ্টি হয়েছে। এতে জমির ব্যবহার বৃদ্ধি, শস্যের নিবিড়তা বৃদ্ধি এবং কৃষকের সামগ্রিক আয় ও উৎপাদনশীলতা বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। 

এ উদ্যোগের সুফল সম্পর্কে স্থানীয় কৃষকরা জানান, আগে তাঁরা বোরো মওসুমে প্রধানত ব্রি ধান২৮ ও ব্রি ধান২৯ এবং রবি মওসুমে স্থানীয় জাতের সরিষা চাষ করতেন এবং আমন মওসুমে জমি পতিত থাকত। এ কার্যক্রমের আওতাভুক্ত কৃষক মো. সোহরাব হোসেন মোল্লা বলেন, আগে রবি মওসুমে প্রতি বিঘায় মাত্র ২-২.৫ মণ সরিষা এবং বোরো মৌসুমে ১৮-২০ মণ ধান উৎপাদিত হতো। কিন্তু ব্রি-এর উদ্যোগে আমন মওসুমে উচ্চফলনশীল ধানের জাত চাষ করে প্রতি বিঘায় ১৮-২২ মণ ধান পাওয়া গেছে। পাশাপাশি উন্নত জাতের সরিষা চাষ করে ফলন পাওয়া গেছে বিঘাপ্রতি ৪-৫ মণ। ফলে একই জমিতে অতিরিক্ত একটি ফসল উৎপাদনের পাশাপাশি আগের তুলনায় সরিষার ও বোরো ধানের ফলনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কৃষকদের মতে, এ উদ্যোগ তাঁদের জমির ব্যবহার, উৎপাদন ও আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।  

অনুষ্ঠানে জানানো হয়, মাঠ পর্যায়ের ফসল কর্তন ও ফলন মূল্যায়নে ব্রি উদ্ভাবিত আমন ধানের জাতগুলোর আশাব্যঞ্জক ফলন পাওয়া গেছে (ব্রি ধান১০৩-এর ফলন: বিঘা প্রতি ২২-২৬ মন, জীবনকাল ১২৬-১২৮ দিন এবং ব্রি ধান১১০: বিঘা প্রতি ২১-২২ মন, জীবনকাল ১২২-১২৫ দিন )। উপস্থিত কৃষকরা এসব জাতের ফলনে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী মওসুমে আমন মৌসুমে উচ্চফলনশীল জাত চাষাবাদের আগ্রহ প্রকাশ করেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft