Friday, November 13, 2026
খুলনায় জেডআরএফের ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতা: ৭৫টি প্রকল্প নিয়ে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রদর্শনী
13, Nov 2026 | এগ্রিবিজ এন্ড টেক

এগ্রিলাইফ২৪ ডটকম:তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণার আগ্রহ জাগিয়ে তোলার লক্ষ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশন (ZRF) আয়োজিত ‘বিজ্ঞান মেলা ২০২৬’-এর আওতায় খুলনা বিভাগীয় পর্যায়ের ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ প্রতিযোগিতায় খুলনা বিভাগের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। প্রতিযোগিতায় বিভিন্ন শর্ত অনুসরণ করে মোট ১১৫ জন শিক্ষার্থী প্রকল্প জমা দেন। এর মধ্যে নির্বাচিত ৭৫টি প্রকল্প নিয়ে শিক্ষার্থীরা মেলায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তাঁরা মেলায় প্রদর্শিত বিভিন্ন প্রকল্প ও স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও বিজ্ঞান মেলা আয়োজক কেন্দ্রীয় কমিটির সদস্য-সচিব, খুলনা বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী; বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য-সচিব কৃষিবিদ ড. এস এম ফেরদৌসসহ খুলনা বিভাগের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং ডিগ্রি কলেজের শিক্ষক ও প্রতিনিধিবৃন্দ।

প্রকল্পগুলোর মান, উদ্ভাবনী বৈশিষ্ট্য, বাস্তব প্রয়োগযোগ্যতা ও সম্ভাবনা মূল্যায়নের জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিশেষজ্ঞ এবং খুলনা অঞ্চলের শিক্ষকদের সমন্বয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন চারটি বিচারক প্যানেল গঠন করে। বিচারক প্যানেলগুলো অংশগ্রহণকারী প্রকল্পসমূহ পর্যবেক্ষণ ও মূল্যায়ন করেন।

বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক অধ্যাপক ড. মোস্তফা আজিজ সমুনের সভাপতিত্বে সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিজ্ঞানী ও গবেষকদের কোনোভাবেই অবহেলা করা যাবে না। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার বিকল্প নেই। নতুন প্রজন্মের মেধা ও উদ্ভাবনী শক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।

বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী দেশ গঠনে তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

বিচারক প্যানেলের সুপারিশের ভিত্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের একজন ছাত্রী প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানও অর্জন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে উৎসাহ ও শুভেচ্ছার নিদর্শন হিসেবে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের ওপর লেখা দুটি করে বই উপহার দেওয়া হয়। 

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় মনিটর (কৃষিবিদ) ড. এস এম ফেরদৌস।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft